আধুনিক সমাজব্যবস্থায় অভিভাবকদের ব্যস্ততার কারণে শিশুরা পর্যাপ্ত সময় ও যত্ন থেকে বঞ্চিত হচ্ছে বলে মন্তব্য করেছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
তিনি বলেন, বর্তমান যান্ত্রিক জীবনে শিশুদের মনোবিকাশের জন্য প্রয়োজনীয় উদ্যোগ কম নেওয়া হয়। ফলে অনেক শিশু ঘরের মধ্যেই বেশি সময় কাটাচ্ছে। শিশুদের সুস্থ মনোবিকাশের স্বার্থে তাদের এই গণ্ডি থেকে বের করে আনতে হবে।
রোববার (২২ নভেম্বর) বেলা ১১টায় নগরীর শেরে বাংলা রোডে নগর স্বাস্থ্য ভবনে ‘শিশু বিকাশে প্রারম্ভিক যত্ন এবং সন্তান লালন-পালন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউনিসেফের সহযোগিতায় কেসিসির স্বাস্থ্য বিভাগ এ কর্মশালার আয়োজন করে।
প্রশাসক বলেন, শিশুদের বেড়ে ওঠার ক্ষেত্রে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শৈশব থেকেই তাদের প্রতি বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। বিশেষ করে নিম্ন আয়ের পরিবারের বসতিপূর্ণ এলাকার শিশুদের বিকাশে বাড়তি গুরুত্ব দিতে হবে। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে মহানগরীতে শিশু বিকাশ কর্মসূচি সফল করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফের খুলনা ও বরিশাল বিভাগীয় নিউট্রিশন অফিসার ডা. শাহনাজ বেগম এবং টেকনিক্যাল মনিটরিং অফিসার মো. আবু সাইদ ও মো. জসিম উদ্দিন।
কর্মশালাটি পরিচালনা করেন কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম। এতে স্বাস্থ্য বিভাগের কর্মচারী ও ইপিআই কর্মীরা অংশগ্রহণ করেন।
ঊআ-মোচৌ
