UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীদের সৎ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান এমপি হেলালের

Mohon Chowdhury
নভেম্বর ২৩, ২০২৬ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেছেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; সৎ, মানবিক, দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় জ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকা জরুরি।

ইনভাইট পীস স্কুল অ্যান্ড কলেজের খুলনা ক্যাম্পাসের ‘ক্লাস পার্টি-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কেক কাটায় অংশ নেন।

এমপি হেলাল বলেন, আজকের শিশুরাই আগামী দিনে দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। নিয়মিত পড়াশোনার পাশাপাশি এ ধরনের আনন্দঘন আয়োজন শিক্ষার্থীদের মন প্রফুল্ল রাখে, সৃজনশীলতা বাড়ায় এবং বন্ধুত্ব ও পারস্পরিক সহমর্মিতার বন্ধন দৃঢ় করে। তাই শিশুদের স্বাভাবিক বিকাশে আনন্দময় আয়োজনের গুরুত্ব রয়েছে।

তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা, শিক্ষকদের কথা শোনা এবং বাবা-মা ও বড়দের শ্রদ্ধা করার পরামর্শ দেন। সততা, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও পরিশ্রমকে সাফল্যের অন্যতম চাবিকাঠি উল্লেখ করে বড় স্বপ্ন দেখার এবং তা পূরণে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

শিক্ষার মানোন্নয়ন এবং শিশুদের নিরাপদ ও আনন্দময় ভবিষ্যৎ নিশ্চিত করতে পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিকতা ও অভিভাবকদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

প্রতিষ্ঠানের খুলনা ক্যাম্পাসের অধ্যক্ষ এ কে এম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম শহিদুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল গফুর। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

ঊআ-মোচৌ