সালতা নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে সমন্বিত ও দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বক্তারা। একই সঙ্গে নদীর প্রকৃত সীমানা নির্ধারণ, অবৈধ দখল ও দূষণ রোধ এবং টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।
সোমবার (২৩ নভেম্বর) খুলনার ওয়েস্টার্ন ইন অডিটোরিয়ামে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আয়োজনে ‘সালতা নদী রক্ষায় করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
অধ্যাপক আনোয়ারুল কাদিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রানি খাতুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক সরদার শরিফুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নজরুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বেলার লিগ্যাল কো-অর্ডিনেটর অ্যাডভোকেট এস. হাসানুল বান্না।
মূল প্রবন্ধে অ্যাডভোকেট এস. হাসানুল বান্না বলেন, পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী সালতা নদীর দৈর্ঘ্য প্রায় ১৮ কিলোমিটার। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পানি নিষ্কাশন, কৃষি, মৎস্যসম্পদ ও স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণে নদীটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে পলি জমে নাব্যতা হ্রাস, অপরিকল্পিত পুনঃখনন, উত্তোলিত মাটি নদীর তীরে ফেলে রাখা, অবৈধ স্থাপনা নির্মাণ, দখল-দূষণ, নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাব এবং চায়না দুয়ারি জালের ব্যবহার নদীটির সংকট বাড়াচ্ছে।
তিনি জানান, সালতা নদী পুনরুজ্জীবিত ও দখলমুক্ত করতে পানি উন্নয়ন বোর্ডের ২২ কোটি ৭৩ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে একটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। প্রকল্পের স্বচ্ছতা, গুণগত মান ও যথাযথ বাস্তবায়নের পাশাপাশি নিয়মিত পরিবীক্ষণ এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
সভায় ডুমুরিয়ার বাসিন্দা সেলিম আক্তার স্বপন বলেন, ১৯৯০ সাল থেকেই তাঁরা সালতা নদীর পলি জমা ও প্রবাহ সংকটের বিষয়ে উদ্বেগ জানিয়ে আসছেন। তাঁর দাবি, ১৯৯৯-২০০০ সালে শোলমারী টেন ভেন্ট স্লুইস প্রকল্প বাস্তবায়নের পর নদীটির প্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হয়। ২০০৭-২০০৮ সাল পর্যন্ত নদীতে লঞ্চ চলাচল করলেও পরে তা বন্ধ হয়ে যায়। পলি ব্যবস্থাপনায় জাতীয় ডেল্টা পরিকল্পনা অনুযায়ী টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) কার্যকর করার ওপরও গুরুত্ব দেন তিনি।
গণমাধ্যম প্রতিনিধি দীপঙ্কর রায় বলেন, নদীর সীমানা সিএস ও আরএস রেকর্ড অনুযায়ী নির্ধারণ করতে হবে। সম্প্রতি ড্রোন জরিপে নদীর জায়গা দখল করে প্রায় ৭০০টি ঘেরের অবস্থান পাওয়া গেছে বলে তিনি জানান। নদী রক্ষায় স্লুইসগেট অপসারণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
পরিবেশ সুরক্ষা মঞ্চের সাধারণ সম্পাদক সুতপা বেদজ্ঞ বলেন, সালতা নদীর বিভিন্ন স্থানে বাঁধ দিয়ে মাছ চাষ করা হচ্ছে। তিনি চায়না জাল উৎপাদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রানি খাতুন বলেন, নদীর সঙ্গে মানুষের জীবন ও জীবিকা জড়িত। নদী দখলমুক্ত করতে সাংবাদিক, সুশীল সমাজ, এনজিওকর্মী ও স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন। উচ্ছেদ কার্যক্রমে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বাধার মুখে পড়ার প্রসঙ্গ তুলে ধরে তিনি এ ধরনের কার্যক্রমে স্থানীয়ভাবে সহযোগিতা করার আহ্বান জানান। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহির আওতায় রাখতেও জনগণের ভূমিকার ওপর গুরুত্ব দেন তিনি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নজরুল ইসলাম বলেন, খুলনা জেলায় প্রায় ৪০টি নদী রয়েছে, যার সবগুলোই রক্ষা করা প্রয়োজন। ইতোমধ্যে ডুমুরিয়া উপজেলার সাতটি নদী বিলীন হয়ে গেছে। একসময় জেলায় ১ লাখ ৫২ হাজার হেক্টর কৃষিজমি আবাদযোগ্য থাকলেও বর্তমানে আবাদ হচ্ছে প্রায় ১ লাখ ১৭ হাজার হেক্টর জমিতে। শৈলমারী, ভদ্রা ও সালতা নদীর সংকটে তিন ফসলি জমিও হারিয়ে যাচ্ছে। নদী রক্ষা করা না গেলে কৃষি উৎপাদনও ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, তিল চাষ ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে এবং তরমুজ চাষও ঝুঁকির মধ্যে রয়েছে।
পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, নদী প্রকল্পে পরিবেশ সংরক্ষণের জন্য বরাদ্দ অর্থ অপ্রতুল হওয়ায় নদীর পাড়ে পরিকল্পিত বনায়ন ব্যাহত হচ্ছে। এ বিষয়ে প্রকল্প সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করে পরিবেশ সংরক্ষণ কার্যক্রম পরিচালনা এবং বাঁধ নির্মাণের আগে বাঁধ ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেন, এ অঞ্চলের প্রায় সব নদীই সংকটাপন্ন। সালতা নদী পুনরুদ্ধার প্রকল্পের প্রায় ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হবে বলে তাঁরা আশা করছেন। প্রকল্পের সঙ্গে সংযুক্ত পাঁচটি খালও খননের উদ্যোগ নেওয়া হয়েছে। নদীতে ৯৪টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে, সেগুলো উচ্ছেদের প্রক্রিয়া চলমান রয়েছে। নদীর সীমানা নির্ধারণে জেলা প্রশাসন, স্থানীয় জনগণ, নদী রক্ষা কমিশন, সুশীল সমাজ ও বিআইডব্লিউটিএসহ সংশ্লিষ্ট সবার মতামত নেওয়ার কথা জানান তিনি। নাব্যতা রক্ষায় বৈজ্ঞানিক পদ্ধতিতে পলি ব্যবস্থাপনার ওপরও গুরুত্ব দেন তিনি।
সভাপতির বক্তব্যে অধ্যাপক আনোয়ারুল কাদির বলেন, এ অঞ্চলের সব নদীকে বিবেচনায় নিয়ে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে। নদীর উৎসমুখ ও পতনমুখ সচল না রাখলে স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা সম্ভব নয়। নদীতে স্লুইসগেট না রাখার পক্ষে মত দিয়ে তিনি বলেন, জীবন্ত সত্তা হিসেবে নদীকে লিজ দেওয়া যাবে না। পুনঃখনন প্রকল্প গ্রহণের সময়ই উত্তোলিত মাটি ব্যবস্থাপনার পরিকল্পনা রাখতে হবে। এ ক্ষেত্রে বালুমহালের মতো মাটিমহাল ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া যেতে পারে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের প্রচলিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রকল্প গ্রহণের আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় পরিবেশ ও নদীবিষয়ক বিশেষজ্ঞ, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।
ঊআ-মোচৌ
