আগামীকাল ২৫ নভেম্বর (বুধবার) খুলনা বিশ্ববিদ্যালয় দিবস। ১৯৯১ সালের এই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন। সেই স্মৃতিকে ধারণ করে প্রতিবছর ২৫ নভেম্বর বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়। এ বছর শিক্ষা কার্যক্রমের ৩৫ বছর পূর্ণ করে ৩৬ বছরে পদার্পণ করছে বিশ্ববিদ্যালয়টি।
খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের নিরলস প্রচেষ্টা ও ত্যাগ। দীর্ঘ পথচলায় শান্তিপূর্ণ একাডেমিক পরিবেশ, মানসম্মত শিক্ষা, গবেষণা, আন্তর্জাতিক সংযোগ ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে বিশ্ববিদ্যালয়টি তরুণ প্রজন্মের স্বপ্ন, ভবিষ্যৎ ও প্রেরণার প্রতীক হয়ে উঠেছে। এটি এখন শুধু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং দেশের উচ্চশিক্ষা ও গবেষণার অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।
২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিমের নেতৃত্বাধীন বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণ করে। এরপর ক্যাম্পাসে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, একাডেমিক কার্যক্রম সচল রাখা, গবেষণায় গতিশীলতা সৃষ্টি, অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করা এবং প্রশাসনিক কাঠামো আধুনিকায়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়।
বিশেষ উদ্যোগগুলোর মধ্যে রয়েছে দেশে প্রথমবারের মতো সব ডিসিপ্লিনে টিচিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের লক্ষ্যে অ্যাক্রেডিটেশনের আবেদন, স্নাতক পর্যায়ে গবেষণা অনুদান চালু এবং আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশে আর্থিক প্রণোদনা প্রদান। এ ছাড়া ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশনে গুরুত্ব দিয়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথমবারের মতো ‘খুলনা বিশ্ববিদ্যালয় কোলাবরেটিভ রিসার্চ গ্রান্ট প্রোগ্রাম’-এর আওতায় গবেষণা অনুদান দেওয়া হয়েছে।
অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষা-গবেষণার সক্ষমতা বাড়াতে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের তিনটি উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) চূড়ান্ত করা হয়েছে। এসব প্রকল্পে আবাসিক হল, শ্রেণিকক্ষ ও গবেষণাগার সম্প্রসারণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি দীর্ঘ সাত বছর পর বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৩ জানুয়ারি ২০২৭ তারিখে এ সমাবর্তন অনুষ্ঠিত হবে।
খুলনা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই, কর্মকর্তা-কর্মচারী এবং খুলনার সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান এবং ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী।
শুভেচ্ছাবার্তায় উপাচার্য বলেন, প্রতিষ্ঠার পর থেকে নানা চ্যালেঞ্জ অতিক্রম করে খুলনা বিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এটি সবার জন্য গর্ব ও মর্যাদার। এ অগ্রযাত্রায় যাঁরা অবদান রেখেছেন, তাঁদের সবার প্রতি আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান তিনি।
তিনি আরও বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি সৃজনশীল, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে। শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, নতুন জ্ঞান সৃষ্টি, প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরও সমৃদ্ধ করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা ও মেধার স্বাক্ষর রাখার পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
দিবসটি যথাযথভাবে উদযাপনে আগামীকাল বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রা, বেলা ১১টায় সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা, গত বছরের কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী ও সংগঠনগুলোকে সম্মাননা প্রদান এবং স্মরণিকার মোড়ক উন্মোচন করা হবে। পরে অদম্য বাংলা প্লাজায় বিভাগ ও ডিসিপ্লিনগুলোর গত বছরের অর্জন এবং আগামী বছরের পরিকল্পনা ডিসপ্লে বোর্ডের মাধ্যমে তুলে ধরা হবে।
এ ছাড়া বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনার আয়োজন রয়েছে। সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ক্যাম্পাসের প্রধান ফটক, সড়ক, বিভিন্ন ভবন, আবাসিক হল ও অন্যান্য স্থাপনা দৃষ্টিনন্দন আলোকসজ্জায় সাজানো হয়েছে।
ঊআ-মোচৌ
