খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, কবরস্থানই আমাদের সবার শেষ ঠিকানা। সে কারণে নগরীর বিদ্যমান কবরস্থানগুলোতে সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে খুলনা সিটি কর্পোরেশন।
সোমবার সকালে নগরীর দৌলতপুরের দেয়ানা মোড়লপাড়া কবরখানায় নবনির্মিত অফিস ভবনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ১৩ লাখ ১৬ হাজার টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করেছে কেসিসি। ফলক উন্মোচনের মাধ্যমে ভবনটির উদ্বোধন করেন প্রশাসক।
উন্নয়ন কার্যক্রমকে চলমান প্রক্রিয়া হিসেবে উল্লেখ করে নজরুল ইসলাম মঞ্জু বলেন, কেসিসির লক্ষ্য কেবল অবকাঠামোগত উন্নয়ন নয়; বরং নগরবাসীর দৈনন্দিন জীবনযাত্রার মান সহজ ও সুন্দর করা। এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, সুন্দর ব্যবস্থাপনা না থাকায় প্রিয়জনের দাফন-কাফন সম্পন্ন করতে ভোগান্তি পোহাতে হতো। তাঁদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে কবরস্থানটির আধুনিকায়নের কাজ সম্পন্ন করা হয়েছে। এটি এলাকাবাসীর সম্পদ, তাই এর রক্ষণাবেক্ষণের দায়িত্বও তাঁদের।
উদ্বোধন শেষে প্রশাসক কবরস্থানটির সার্বিক পরিবেশ পরিদর্শন করেন। পরে তিনি মোড়লপাড়ার বিভিন্ন সড়ক, দেয়ানা উম্মে হাবিবা (রা.) মহিলা মাদরাসা, ১০ নম্বর ওয়ার্ডের নয়াবাটী ঈদগাহ ও ঈদগাহ জামে মসজিদ, জামিয়া ইসলামিয়া আসমা জাকিয়া মহিলা কওমি মাদরাসা ও এতিমখানা সরেজমিনে পরিদর্শন করেন।
এর আগে তিনি ১৪ নম্বর ওয়ার্ডের রায়েরমহল ক্ষুদে খালসংলগ্ন ড্রেন এবং বয়রা জংশন রোডসংলগ্ন ড্রেনের চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেন।
এ সময় কেসিসির সহকারী প্রকৌশলী ওবায়দুল্লাহ খান, উপসহকারী প্রকৌশলী আবু সালেহ পাটোয়ারী, এফ এফ ফয়সার ও মো. জাহিদ হোসেন, সাবেক কাউন্সিলর মো. কবির হোসেন কবু মোল্যা, সমাজসেবক লিয়াকত হোসেন লাভলু, শেখ আরমান হোসেন, মোল্লা মুজিবুর রহমান, মো. শহিদ মোড়ল, আব্দুল গণি মোড়লসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ঊআ-মোচৌ
