খুলনায় চাঁদার দাবিতে সোনাডাঙ্গা থানাধীন গাজী মেডিকেল কলেজের সামনে অবস্থিত পালংকি রেস্টুরেন্ট লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত রেস্টুরেন্ট লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। এ ঘটনার পর মুঠোফোনে রেস্টুরেন্ট মালিককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষের অভিযোগ, প্রতিষ্ঠানটি চালুর পর থেকেই ‘বি কোম্পানি’র সদস্য পরিচয়ে কয়েকজন ব্যক্তি ফোন করে চাঁদা দাবি করে আসছিল। চাঁদার দাবিতে গত এক মাসে প্রায় ১৫ দিন রেস্টুরেন্টটি বন্ধ রাখতে বাধ্য হন তাঁরা।
মঙ্গলবার পুলিশের হস্তক্ষেপে রেস্টুরেন্টটি পুনরায় চালু করা হয়। তবে চালুর কয়েক ঘণ্টার মধ্যেই বিকেলে মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত রেস্টুরেন্ট লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষ আরও জানায়, গুলিবর্ষণের কিছুক্ষণ পর মুঠোফোনে ফোন করে বলা হয়, ‘তোর দোকানে গুলি করেছি, এখন তোকে গুলি করব।’ এ ঘটনায় রেস্টুরেন্টের মালিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা আতঙ্কের মধ্যে রয়েছেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে তৎপরতা চালাচ্ছে বলে জানা গেছে।
ঊআ-মোচৌ
