UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ভালো মানুষ গড়তে পারলে ভালো সমাজ ও রাষ্ট্র পাওয়া সম্ভব: কেসিসি প্রশাসক

Mohon Chowdhury
নভেম্বর ২৪, ২০২৬ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

পশ্চিম বানিয়াখামার দারুল কুরআন বহুমুখী মাদরাসাকে পবিত্র কুরআন শিক্ষার একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, এটি খুলনার ঐতিহ্যবাহী একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ধারণ করে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠবেন এবং ভবিষ্যতে সমাজের নেতৃত্ব দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মঙ্গলবার বেলা ১১টায় মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত পবিত্র কুরআনুল কারিমের ছবক ও খতম এবং সমাপনী শিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পশ্চিম বানিয়াখামার দারুল কুরআন বহুমুখী মাদরাসা এ অনুষ্ঠানের আয়োজন করে।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, ভালো মানুষ গড়তে পারলে ভালো সমাজ ও ভালো রাষ্ট্র পাওয়া সম্ভব। নানা প্রতিকূলতা পেরিয়ে এ ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানটি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলছে। মাদরাসাটির অগ্রযাত্রা অব্যাহত রাখা এবং মহান সৃষ্টিকর্তার প্রদর্শিত পথে সমাজ গঠনে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

তিনি মাদরাসার প্রতিষ্ঠাতা ও এর সম্প্রসারণে ভূমিকা রাখা ব্যক্তিদের জন্য দোয়া করেন। পাশাপাশি মাদরাসাটির উন্নয়নে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সম্ভব সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।

অনুষ্ঠানে নূরানী দ্বিতীয় শ্রেণির ৭০ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনুল কারিমের ছবক দেওয়া হয় এবং তৃতীয় শ্রেণির ৭৩ জন শিক্ষার্থীর কুরআন খতম সম্পন্ন হয়। এ ছাড়া পঞ্চম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। ২০২৫ সালে নূরানী তালিমুল কুরআন বোর্ড, ঢাকা-এর অধীনে অনুষ্ঠিত তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষা, ক্যাডেট কেয়ার বৃত্তি পরীক্ষা, ইবতেদায়ি পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা এবং হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের বোর্ড পরীক্ষায় সমগ্র বাংলাদেশে দেশসেরা স্থান অর্জনকারী শিক্ষার্থীদের বৃত্তি, সম্মাননা স্মারক ও পুরস্কার দেওয়া হয়। প্রশাসক শিক্ষার্থীদের হাতে এসব বৃত্তি ও পুরস্কার তুলে দেন এবং তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি হাফেজ আব্দুল্লাহ মোড়ল খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রধান শিক্ষক মাওলানা মুহাম্মদ ফজলুর রহমান। পবিত্র কুরআনুল কারিমের ছবক প্রদান করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী ও খুলনা বিশ্ববিদ্যালয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা ক্বারী মুস্তাকিম বিল্লাহ।

অনুষ্ঠানে মাদরাসা পরিচালনা কমিটির সহসভাপতি মো. মাহমুদ আলম বাবু মোড়ল, এম এ সবুর, মো. সিরাজুল ইসলাম ও শেখ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেলিম আল আজাদ, কেসিসির সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, বর্তমান শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা মো. আব্দুস সালাম ফারাজীসহ পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ঊআ-মোচৌ