UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা ও ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোর আহ্বান

Mohon Chowdhury
নভেম্বর ২৬, ২০২৬ ১১:০১ অপরাহ্ণ
Link Copied!

নারী নির্যাতন প্রতিরোধে নিজের পাশাপাশি অন্যদেরও সচেতন করার এবং নির্যাতনের শিকার নারীদের ন্যায়বিচার নিশ্চিত করতে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত।

‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’ উপলক্ষে বৃহস্পতিবার সকালে খুলনা কালেক্টরেট চত্বরে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এ পক্ষ উদযাপন করা হচ্ছে। খুলনা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ আয়োজন করে।

জেলা প্রশাসক বলেন, সমাজে নারীদের একঘরে করে রাখা কিংবা খাটো করে দেখার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। প্রশাসন সবসময় নারীদের পাশে রয়েছে। বেগম রোকেয়া নারী উন্নয়নের যে যাত্রা শুরু করেছিলেন, তা এগিয়ে নিতে হবে। নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার পাশাপাশি নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধ এবং তাদের সিদ্ধান্তের প্রতি সম্মান জানাতে হবে।

পথসভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কানিজ ফাতেমা লিজা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুরাইয়া সিদ্দীকা, বিভিন্ন নারী সহযোগী সংগঠনের নেত্রী ও প্রতিনিধিরা অংশ নেন।

এতে বাংলাদেশ মহিলা পরিষদ, বেসরকারি উন্নয়ন সংস্থা মাসাস, তেজসী নারী উন্নয়ন সংস্থা, অভিযাত্রী ও আঞ্জুমান সমাজকল্যাণ সংস্থাসহ ২৫টি নারী সহযোগী সংগঠন অংশগ্রহণ করে।

ঊআ-মোচৌ