UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ভবন নির্মাণে বিল্ডিং কোড না মানায় কেডিএ’র দৃষ্টি আকর্ষণ খুলনা নাগরিক সমাজের

ঊষার আলো
মে ২৯, ২০২১ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনা মহানগরীতে বিল্ডিং কোড, যথাযথ বিধিমালা না মেনে যত্রতত্র, যথেচ্ছা ঝুঁকিপূর্ণ ভবন গড়ে ওঠায় উদ্বেগ প্রকাশ এবং কেডিএ-সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন খুলনা নাগরিক সমাজের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিশেষ করে শহর এলাকায় ভবন তৈরীর ক্ষেত্রে সুনির্দিষ্ট আইন, নীতিমালা, বিল্ডিং কোড রয়েছে। অথচ আশ্চর্যজনকভাবে এসব বিধিবিধান না মানার এক ধরনের প্রতিযোগিতা/প্রবণতা লক্ষ্য করা যায়। এ ব্যাপারে দায়িত্বশীর কর্তৃপক্ষের ভূমিকাও অনেকটা প্রশ্নবিদ্ধ। অথচ নিয়ম না মেনে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ভবনগুলো মনুষ্য বসবাস, পরিবেশ বান্ধব ও পরিকল্পিত নগরায়নের ক্ষেত্রে মারাত্মক হুমকি। উদাহরণ স্বরূপ, সম্প্রতি সোনাডাঙ্গা এম এ বারী সড়কস্থ আলী কাব মোড়ে হাজী তমিজউদ্দিন সড়ক দারুল আমান মহল্লায় নির্মাণাধীন এক বহুতল বিশিষ্ট ভবন গড়ে উঠছে। যেখানে কোনো বিধিমালা বা বিল্ডিং কোড বিন্দুমাত্র মানা হচ্ছে না। ফলে আকস্মিকভাবে দুর্ঘটনা ঘটে এবং এ দুর্ঘটনায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় পার্শ্ববর্তী দোকান ও বাড়ির। এমনকি মৃত্যু ঘটারও সমূহ সম্ভাবনা ছিল। জানমাল নিরাপত্তার স্বার্থে এবং বসবাস উপযোগী নগর গড়ে তোলার লক্ষ্যে এ ব্যাপারে কেসিসি, কেডিএ-সহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে বিবৃতি প্রদান করেছেন খুলনা নাগরিক সমাজের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন সংগঠনের পক্ষে আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডঃ আ ফ ম মহসীন, সংগঠনের সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, সংগঠনের সদস্য সচিব অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার, সংগঠনের যুগ্ম আহবায়ক বাংলাদেশে পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, সদস্য যথাক্রমে নিরাপদ সড়ক চাই (নিসচা)’র মহানগর আহবায়ক এস এম ইকবাল হোসেন বিপ্লব, উন্নয়ন সংগঠক বাকের আহমেদ, আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের খুলনা বিভাগীয় সভাপতি এস এম দেলোয়ার হোসেন, অ্যাড. নিত্যানন্দ ঢালী, আফজাল হোসেন রাজু, খ ম শাহীন হোসেন, মোঃ নাজমুল হোসেন, কাজীর রাসেল, রুহুল আমিন তালুকদার প্রমুখ।

(ঊষার আলো-আরএম)