UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুমেকে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু

ঊষার আলো
জুন ১৯, ২০২১ ১২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনায় বেড়ে চলেছে করোনার মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এটাই এ পর্যন্ত খুমেকের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এরমধ্যে ৮ জন করোনায় ও করোনা উপসর্গে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুমেকের পিসিআর মেশিনে ৪৪৮ জনের নমুনা পরীক্ষায় ১৭১ জনের করোনা শনাক্ত হয়েছে।
আজ ১৯ জুন শনিবার সকালে খুলনা করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা হাসপাতালে রেড জোনে ৮ জনের এবং ইয়ালো জোনে ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ভর্তি হয়েছে ৪১ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৪ জন। আর আইসিইউতে রয়েছে ১৯ জন। শনিবার সকাল ১০টা পর্যন্ত খুলনার ১৩০ শয্যার করোনা হাসপাতালে প্রায় পৌনে ২শ’ রোগী চিকিৎসাধীন রয়েছে।
খুলনা করোনা হাসপাতাল সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যারা মারা গেছে তারা হলেন- খুলনার রূপসার আবুল হোসেন (৬০), কলারোয়ার আব্বাস গাজী (৬২), কেশবপুরের আলেয়া (৬০), সাতক্ষীরার কলারোয়ার সাবদুল (৫১), যশোর কেশবপুরের মিজানুর রহমান (৫৮), নগরীর লবণচরা এলাকার শাহজাহান (৪৯), কালিগঞ্জের শেখ আইয়ুব আলী (৫৮) ও পিরোজপুরের মঠবাড়িয়ার মিনারা বেগম (৫৫)। এছাড়া উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।
খুমেক হাসপাতালে শনিবার সকাল ৮টা পর্যন্ত ১৫৫ জন রোগী ভর্তি রয়েছে। এদের মধ্যে রেডজোনে ৯৫ জন, ইয়ালোজোনে ২১ জন, এইচডিইউতে ২০ জন ও নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ১৯ জন চিকিৎসাধীন রয়েছে।
খুলনার ১৩০ শয্যার করোনা হাসপাতালে প্রায় পৌনে ২’শ রোগী চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, খুমেকের পিসিআর মেশিনে ৪৪৮ জনের নমুনা পরীক্ষায় ১৭১ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এদের মধ্যে খুলনার ৩৮৭ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৪৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বাগেরহাটে ৮ জন, যশোরে ৫ জন, গোপালগঞ্জে ৩ জন, সাতক্ষীরায় ২ জন, নড়াইল, পিরোজপুর, ফরিদপুর ও মাগুরায় ১ জন করে করোনা শনাক্ত হয়েছে।

(ঊষার আলো- এম.এইচ)