ঊষার আলো ডেস্ক : করোনা ভাইরাসের সাথে এক মাস লড়াই করে অবশেষে হেরে গেলেন উপমহাদেশের কিংবদন্তি গতিমানব মিলখা সিং। ফ্লাইং শিখ কিংবা ‘উড়ন্ত শিখ’ হিসেবে পরিচিত মিলখা ভারতের চণ্ডিগড়ে তার শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ইন্ডিয়ান এক্সপ্রেসসহ ভারতের প্রথম সারির গণমাধ্যমগুলোর অনলাইন সংস্করণে মিলখা সিংয়ের মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে। আর গেল সপ্তাহের শুরুতে তার সহধর্মিণী নির্মল কৌরও করোনায় আক্রান্ত হয়ে মারা যান।
২০ মে মিলখার শরীরে করোনা শনাক্ত হয়। পরে ২৪ মে মোহালির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ৩ জুন অক্সিজেনের মাত্রা কমে গেলে নেহেরু হাসপাতাল এক্সটেনশনের কোভিড ওয়ার্ডে ভর্তি করা হয় তাকে।
গত বৃহস্পতিবার (১৭ জুন) করোনা নেগেটিভ এলে তাকে মেডিক্যাল আইসিউতে স্থানান্তর করা হয়। কিন্তু সবশেষে ৯১ বছর বয়সে চলে যেতে হলো এই দৌড়বিদকে।
অন্যদিকে মিলখা সিংয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, কিছুদিন আগেই মিল্কা সিংয়ের সাথে আমার কথা হয়। তবে তখন জানতাম না যে এটিই আমাদের শেষ কথা। তাকে দেখে দেখে অনেক অ্যাথলেট অনুপ্রাণিত হয়েছেন। তার পরিবারের সদস্য এবং গুণগ্রাহীদের প্রতি আমার গভীর সমবেদনা রইলো।
স্বাধীন ভারতের হয়ে কমনওয়েলথে প্রথম স্বর্ণ জেতা প্রথম ক্রীড়াবিদ ছিলেন মিলখা সিং। ২০১০ সালের দিল্লি কমনওয়েলথ গেমসে কৃষ্ণা পুনিয়ার আগ পর্যন্ত দীর্ঘ প্রায় ৫০ বছর কমনওয়েলথে ভারতের একক স্বর্ণ বিজয়ী হিসেবে একা তিনিই ছিলেন।
এছাড়াও ১৯৫৮ সালে ২০০ মিটার এবং ৪০০ মিটার ও ১৯৬২ সালে ৪০০ মিটার এবং ৪০০ মিটার রিলেতে এশিয়ান গেমসে ৪বার স্বর্ণ জেতেন তিনি। তবে ১৯৬০ রোম অলিম্পিকে কোনও পদক না পেলেও ভারতের সবচেয়ে দ্রুতগতির মানব হিসেবে নতুন রেকর্ড গড়ে চতুর্থ অবস্থানে ছিলেন মিলখা।
(ঊষার আলো-এফএসপি)
