ঊষার আলো ডেস্ক : বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীন ডিপ্লোমা পর্যায়ের পরীক্ষার মূল্যায়ন প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। এ বিষয়ে গতকাল সোমবার (১৮ অক্টোবর) বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগ।
তাতে বলা হয়েছে, কারিগরি শিক্ষাবোর্ডের অধীন ডিপ্লোমা পরীক্ষার প্রশ্নপত্রে দেওয়া নম্বরের ৫০ শতাংশ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। সব বিষয়ে তিন ঘণ্টার পরীক্ষা দুই ঘণ্টা ও দুই ঘণ্টার পরীক্ষা দেড় ঘণ্টায় নেওয়া হবে। আর প্রতিটি বিষয়ে পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে দিগুন করে ফলাফল নির্ধারণ করা হবে।
এদিকে, আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। এবছর সংক্ষিপ্ত সিলেবাসের ওপরে পরীক্ষার সময় ও পূর্ণমান নম্বর এবং প্রশ্ন কমিয়ে পরীক্ষা নেওয়া হবে। সারাদেশের এরইমধ্যে পরীক্ষা কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। আর পরীক্ষার সকল প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে।
(ঊষার আলো-এফএসপি)
