UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

মা হচ্ছেন মারিয়া নূর

ঊষার আলো
ফেব্রুয়ারি ৩, ২০২২ ১২:১০ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : ২০১১ সালের ১৫ জুন বিয়ে করেন জনপ্রিয় উপস্থাপিকা, মডেল ও অভিনেত্রী মারিয়া নূর। তার স্বামীর নাম সাইফুল আলম জুলফিকার। দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় সংসার করার পর অবশেষে তারা দিলেন সুসংবাদ। জানা গেল, মারিয়া মা হতে চলেছেন। বাবা হচ্ছেন জুলফিকার।

বুধবার দিনগত মধ্যরাতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই খবর মারিয়াই জানিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, ‘জীবনে নতুন একটি অ্যাডভেঞ্চার শুরু হলো। আমি মা হচ্ছি।’

এই সুখবর জানানোর পাশাপাশি অভিনেত্রী পোস্ট করেন স্বামী সাইফুল আলম জুলফিকারের বুকে মাথা রেখে তোলা নিজের একটি ছবিও। সেই ছবিতে মারিয়ার বেবিবাম্প একেবারেই স্পষ্ট।

খেলাধুলার অনুষ্ঠান সঞ্চালনায় দেশের সবচেয়ে উজ্জ্বল নাম মারিয়া নূর। গত অক্টোবরে এই উপস্থাপিকা গণমাধ্যমকে জানিয়েছিলেন, নভেম্বর থেকে তিনি অনির্দিষ্টকালের জন্য বিরতিতে যাচ্ছেন। কিন্তু সে সময় বিরতির কারণ জানাননি। একটু দেরিতে হলেও জানা গেল সেই কারণ। তিনি যে মা হচ্ছেন।

বিরতিতে যাওয়ার আগে গত বছর মোস্তফা সরয়ার ফারুকীর ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’-এ অভিনয় করে সাড়া ফেলেন মারিয়া। এরপর মাসুম শাহরিয়ারের নাটক ‘লা পেরুজের সূর্যাস্ত’ এবং মেহেদি হাসান জনির ওয়েব ফিল্ম ‘হেরে যাবার গল্প’-তেও তাকে দেখা যায়।

অন্যদিকে, উপস্থাপনায় মারিয়াকে শেষবার দেখা গেছে গত বছরের ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ‘স্ট্রেট ড্রাইভ’ নামের একটি শো-তে। আপাতত তিনি অনির্দিষ্টকালের ছুটিতে। সন্তান জন্মের পর আগামী ক্রিকেট বিশ্বকাপে তিনি ফিরবেন বলে জানান এই মডেল-উপস্থাপিকা।

মারিয়া ২০০৯ সালে রেডিও জকি হিসেবে এবিসি রেডিওতে তার কর্মজীবন শুরু করেন। এরপর তিনি টেলিভিশন উপস্থাপিকা হিসেবে তার মিডিয়া ক্যারিয়ার শুরু করেন। জিটিভির ‘ক্রিকেট এক্সট্রা’তে সাবলীল উপস্থাপনায় সকলের নজরে আসেন। বর্তমানে তিনি নিয়মিত নাটক এবং বিজ্ঞাপনেও কাজ করছেন।

ঊষার আলো-এসএ