বিনোদন ডেস্ক : করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে অ্যাওয়ার্ডস মৌসুমের ক্যালেন্ডারটি অনেকটাই এলোমেলো হয়ে গেছে। বহুল প্রতীক্ষিত অস্কার অ্যাওয়ার্ডের চূড়ান্ত মনোনয়ন আজ ঘোষণা করা হবে।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জন্য মনোনীতদের ঘোষণা করবে। বিনোদন জগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কারগুলোর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার।
মনোনয়ন অনুষ্ঠানটি বিশ্বব্যাপী লাইভ সম্প্রচার করা হবে প্যাসিফিক টাইম সকাল ৫টা ১৮ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে)। ব্ল্যাক-ইশ তারকা ট্রেসি এলিস রস এবং অভিনেতা-কমেডিয়ান লেসলি জর্ডানের উপস্থাপনায় সঞ্চালিত হবে অনুষ্ঠানটি। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের ২৩টি ক্যাটাগরিতে মনোনীতদের নাম ঘোষণা করবেন তারা।
লস অ্যাঞ্জেলেস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, অস্কার ২০২২-এর চূড়ান্ত মনোনয়ন ঘোষণা অনুষ্ঠানটি oscar.com, oscars.org এবং ফিল্ম অ্যাকাডেমির ডিজিটাল প্ল্যাটফর্মে (টুইটার, ইউটিউব এবং ফেসবুক) দেখা যেতে পারে। এবিসি’র ‘গুড মর্নিং আমেরিকা’ এবং এবিসি নিউজ লাইভ সহ বিভিন্ন স্ট্রিমিং নিউজ প্রোগ্রামগুলোতেও অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে।
এ বছর অস্কারে সেরা সিনেমার মনোনয়নের তালিকায় ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’, ‘বেলফাস্ট’, ‘কিং রিচার্ড’, ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস’, ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’, ‘ব্ল্যাক উইডো’, ‘ডিউন’, ‘ওয়েস্ট সাইড স্টোরি’, ‘নাইটমেয়ার অ্যালে’ ‘হাউস অব গুচি’, ‘ডোন্ট লুক আপ’ সিনেমাগুলো থাকবে বলে ধারণা করা হচ্ছে।
ঊষার আলো-এসএ
