বিনোদন ডেস্ক : সাংস্কৃতিক পরিবারের সদস্য প্রিয়াংকা গোপ। তাই ছোটবেলা থেকেই তার গানের সঙ্গে মিতালী হয়েছে। অল্প বয়সেই তিনি বাংলাদেশ টেলিভিশন ও বেতারের তালিকাভুক্ত শিল্পী হয়েছেন। বড় হয়ে তিনি মৌলিক গানে নিজেকে ঋদ্ধ করেন। তার একাধিক মৌলিক গান প্রশংসিত হয়েছে। করোনাকালেও তিনি নতুন গানে কণ্ঠ দিচ্ছেন।
সেই ধারাবাহিকতায় বাংলাদেশ বেতারের নতুন দুটি গানে কণ্ঠ দিলেন। ‘এখনো বুকে আশা জেগে আছে’শিরোনামের গানটি লিখেছেন ফেরদৌস হোসেন ভূঁইয়া, সুর সঙ্গীত করেছেন বিশ্বজিৎ রায় এবং ‘যেদিন তুমি চলে গেলে’গানটি লিখেছেন বাঁশরী মোহন দাস ও সুর করেছেন ফয়সাল আহমেদ।
বাংলাদেশ বেতারে গান গাওয়া প্রসঙ্গে প্রিয়াংকা গোপ বলেন, বাংলাদেশ বেতারে গান গাইতে সব সময়ই আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। কারণ সেই ছোট্টবেলা থেকেই আমি গান গেয়ে আসছি। তাই এই বেতারকে ঘিরে আমার গানময় জীবনের অনেক স্মৃতি।
এরই মধ্যে ‘সকালটা না হয়’শিরোনামে ভালোবাসা দিবসে প্রিয়াংকার গাওয়া একটি গান ইউটিউবে প্রকাশ হয়েছে। প্রিয়াংকা জানান, শিগগিরই তার কণ্ঠে প্রকাশিত হতে যাচ্ছে ‘চোখের তারায়’শিরোনামের একটি গান। এটি লিখেছেন শাখাওয়াত হোসেন মারুফ, সুর করেছেন ইউসুফ আহমেদ খান এবং ইউসুফের নির্দেশনায় মিউজিক অ্যারেঞ্জম্যান্ট করেছে সাউন্ড হ্যাকার।
এতে প্রিয়াংকার সহশিল্পী হিসেবে আছেন তানভীর দাউদ রনি। এই গানটি নিয়েও প্রিয়াংকার প্রত্যাশা অনেক। এদিকে আরো নতুন দুটো মৌলিক গান আসছে প্রিয়াংকার। আব্দুস সামাদ খোকন পরিচালিত সরকারী অনুদানের সিনেমা ‘শ্রাবণ জোছনায়’ সিনেমা প্রিয়াংকা দুটি নজরুল সঙ্গীত গেয়েছেন।
একটি ‘আমার আপনার চেয়ে আপন যে জন’ এবং আরেকটি হলো ‘সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমায় ছুঁইয়াছিলে’। গান দুটির সঙ্গীতায়োজন করেছেন বিনোদ রায়। উল্লেখ্য, প্রিয়াংকা গোপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
ঊষার আলো-এসএ
