UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

যুদ্ধাপরাধ : হবিগঞ্জের পাঁচজনের রায় ৩০ জুন

ঊষার আলো
জুন ২৮, ২০২২ ১:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : মানবতাবিরোধী অপরাধের মামলায় সিলেটের হবিগঞ্জ জেলার লাখাই থানার মাওলানা শফি উদ্দিনসহ পাঁচজনের রায় আগামী ৩০ জুন (বৃহস্পতিবার) ঘোষণা করবেন ট্রাইব্যুনাল।অন্য চার আসামি হলেন- মো. তাজুল ইসলাম (৮০), মো. জাহেদ মিয়া (৬২), ছালেক মিয়া ও সাব্বির আহমেদ।মঙ্গলবার (২৮ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল রায়ের জন্য এ দিন ধার্য করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন। আসামিপক্ষে ছিলেন আব্দুস সাত্তার পালোয়ান, গাজী এম এইচ তামিম।প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন বলেন, এ মামলার আসামিদের বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে। আমরা প্রসিকিউশন থেকে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তা প্রমাণ করতে সক্ষম হয়েছি। আশা করছি তাদের সর্বোচ্চ সাজা হবে।অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী গাজী তামিম বলেন, প্রসিকিউশন পক্ষ আমার মক্কেলের বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। আমরা আশা করি তারা খালাস পাবেন।

২০১৮ সালের ২১ মার্চ এ মামলায় পাঁচজনের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন করে তদন্ত সংস্থা। পরে তারা প্রসিকিউটর বরাবর প্রতিবেদন দাখিল করে। প্রসিকিউশন এ আসামিদের বিরুদ্ধে দুটি অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে গত ১৭ মে রায়ের জন্য মামলাটি অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল।আসামিদের বিরুদ্ধে লুটপাট, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, নির্যাতন ও হত্যাসহ বিভিন্ন অপরাধে মোট দুটি অভিযোগ আনা হয়েছে।

ঊষার আলো-এসএ