খবর বিজ্ঞপ্তি : সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খায়রুজ্জামান সজীবের জামিন আবেদন বাতিল করে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছে আদালত।
বুধবার (২৫ জানুয়ারি) অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান শুনানী শেষে এ আদেশ দেন।
আদালতের এ আদেশের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন সদর থানা স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ।
বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন সদর থানা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মঞ্জুর শাহিন রুবেল, নাঈম হাসান হাসিব, মো: রিপন শিকদার, মিজান সরদার, মো: আল-আমিন, মো: জুলফিকার আলীসহ সদর থানা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশ বানচাল করতে প্রতিটি থানায় পুলিশ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে হযরানিূলক নাশকতা সহিংসতা ও সরকার উৎখাত পরিকল্পনার অভিযোগে মামলা করে। এসব মামলায় প্রায় অর্ধশত নেতাকর্মী গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাবন্দি ছিলেন। অন্যরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন লাভ করেন। বুধবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর হয়।
এ আদেশের প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দ মিথ্যা বানোয়াট রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার, খায়রুজ্জামান সজীবের নি:শর্ত মুক্তি এবং সরকারের পদত্যাগ দাবি জানিয়েছে।
