যশোরের অভয়নগরে অবৈধভাবে পাচারের অভিযোগে আনুমানিক ৬০ লাখ টাকা মূল্যের ১৫০ টন সরকারি গমসহ একটি লাইটার জাহাজ জব্দ করেছে এসআরবি-৬ ও নৌ পুলিশের যৌথ আভিযানিক দল। এ ঘটনায় ছয়জনকে আটক করা হলেও জিজ্ঞাসাবাদ শেষে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। জাহাজের মাস্টার পলাতক রয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগর উপজেলার নোয়াপাড়া বেঙ্গল খেয়াঘাট সংলগ্ন রাসেল ফরাজি ঘাটে অভিযান চালিয়ে গম ও জাহাজটি জব্দ করা হয়।
এসআরবি-৬ সূত্রে জানা যায়, বিদেশ থেকে সমুদ্রপথে আমদানি করা গমের একটি চালান মোংলা বন্দরে আসার পথে বাগেরহাটের হারবাড়িয়া এলাকায় একটি চক্র বিদেশি জাহাজ থেকে আনুমানিক ১৫০ টন গম বাংলাদেশি একটি লাইটার জাহাজে স্থানান্তর করে। পরে জাহাজটি নোয়াপাড়া বেঙ্গল খেয়াঘাট এলাকায় অবস্থান করছিল। এ তথ্যের ভিত্তিতে যৌথ দল অভিযান চালিয়ে গম ও জাহাজসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করে।
অভিযানে এসআরবি-৬ ও নৌ পুলিশের সদস্যদের পাশাপাশি অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দিপু এবং সহকারী কমিশনার (ভূমি) আবির আনসারী উপস্থিত ছিলেন।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিদের এবং জব্দ করা গম ও লাইটার জাহাজ নৌ পুলিশ অভয়নগরের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ঊআ-মোচৌ
