খুলনা মহানগরীর টুটপাড়া এলাকায় একই বাড়িতে পরপর দুই রাতে গুলিবর্ষণ ও দেশীয় অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে বাড়ির বাসিন্দা ও স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর টুটপাড়া থানাধীন মাওলাবাড়ি মোড় এলাকায় ছয়তলা স্কুলসংলগ্ন জলিল আকনের বাড়িতে এ ঘটনা ঘটে। এর আগের রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে একদল সশস্ত্র দুর্বৃত্ত বাড়িটিতে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনার পরদিন সন্ধ্যার পর আবারও বাড়িটিতে গুলিবর্ষণ এবং দেশীয় অস্ত্র দিয়ে প্রধান ফটকে আঘাত করার ঘটনা ঘটে।
পরপর দুই রাতে একই বাড়িতে হামলার ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়িটিতে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে।
একই বাড়িতে বারবার হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। পুলিশি নিরাপত্তা ও চেকপোস্টের মধ্যেও কীভাবে একই স্থানে বারবার হামলার ঘটনা ঘটছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
এ ঘটনায় পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। হামলাকারীদের পরিচয় ও ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।
ঊআ-মোচৌ
