UsharAlo logo
, |

আইন-শৃঙ্খলার অবনতিতে নগরবাসী আতঙ্কে, দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি নাগরিক নেতৃবৃন্দের

ঊষার আলো ডেস্ক
জানুয়ারি ১৭, ২০২৬ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে নগরবাসী চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে বলে মন্তব্য করেছেন নাগরিক সমাজের নেতৃবৃন্দ। খুন, ছিনতাই, চুরি, মাদক ব্যবসা, অস্ত্রের মহড়া ও নানাবিধ অরাজকতা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ নানামুখী সংকট ও হয়রানির শিকার হচ্ছে বলে তারা উদ্বেগ প্রকাশ করেন।

আজ শনিবার দুপুর ১২টায় খুলনা সিভিল সোসাইটির উদ্যোগে সংগঠনের কার্যালয়ে ‘খুলনা উন্নয়নে আমাদের করণীয়’ শীর্ষক কর্মপরিকল্পনা সভায় এসব কথা বলা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক এস এম শাহনওয়াজ আলী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন।

সভায় বক্তারা বলেন, প্রশাসনের কাছে অপরাধীদের তালিকা থাকা সত্ত্বেও তাদের গ্রেফতার না করা এবং ঘটনাপরবর্তী তদন্তে অব্যবস্থাপনার কারণে জনগণ হতাশ হয়ে পড়েছে। আইন-শৃঙ্খলার এই অবনতির ফলে নগরবাসীর স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার অ্যাডভোকেট মোমিনুল ইসলাম, সরদার আবু তাহের, চ্যানেল নাইনের বিভাগীয় প্রতিনিধি সুনীল দাস, নারী নেত্রী নূরুল নাহার হীরা, কৃষ্ণা দাশ, জুলাই আন্দোলনের নেতা জয় বৈদ্যসহ অন্যান্যরা।

বক্তারা আরও বলেন, খুলনার বন্ধ পাটকল পুনরায় চালু, সুন্দরবন রক্ষা, বন্যা কবলিত এলাকার উন্নয়ন, পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ, ডাবল রেললাইন বাস্তবায়ন, বেকার সমস্যা দূরীকরণ ও উপকূলীয় অঞ্চলের জন্য স্থায়ী বাঁধ নির্মাণসহ চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে।

এছাড়া সভায় খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় ও কৃষি বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ রূপ দিতে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং এসব প্রতিষ্ঠান থেকে সকল অনিয়ম দূর করার আহ্বান জানানো হয়।

 ঊআ- রহমাতুল্লাহ