খুলনার তেরখাদা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে মোঃ মাফিজুর রহমান (৪৭) নামে এক বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে উপজেলার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের মোকামপুর বাজারের বন্ধুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মাফিজুর রহমান মধুপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য। জানা যায়, মোকামপুর বাজার থেকে ভ্যানে করে বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময় ভ্যানের পাশের একটি ছমিলের সামনে অন্ধকারে ওত পেতে থাকা অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
এতে তাঁর হাত, কোমর ও পায়ে গুলি লাগে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হামলার কারণ এবং জড়িত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঊআ-মোচৌ
