খুলনা, মাঘ ১২ (২৬ জানুয়ারি): আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে সোমবার সকালে খুলনা হোটেল সিটি ইন-এ এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল— *‘অতন্দ্র প্রহরা আর দৃঢ় অঙ্গীকারে দেশের সুরক্ষায় কাস্টমস’*।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক নীতি) মো. আজিজুর রহমান। তিনি বলেন, পরিবর্তনশীল বিশ্বে বাংলাদেশ কাস্টমস শুধু রাজস্ব আহরণেই নয়, বাণিজ্য সহজীকরণ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাচালান প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের উন্নয়নে আইন অনুযায়ী রাজস্ব প্রদানের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কাস্টমস ও ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও মিথষ্ক্রিয়া জোরদার হলে একটি স্বচ্ছ ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, সেবাপ্রত্যাশীদের অঙ্গীকার রক্ষায় কাস্টমস কর্মকর্তাদের নৈতিকতা, দেশপ্রেম ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসায়ীদের বাংলাদেশ কাস্টমসের নিয়মনীতি মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান তিনি।
মোংলা কাস্টমস হাউসের কমিশনার ম. সফিউজ্জামানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার কাজী মুহাম্মদ জিয়াউদ্দীন এবং খুলনা কর অঞ্চলের কর কমিশনার মোহা. আব্দুস সালাম। স্বাগত বক্তব্য দেন ভোমরা কাস্টমস হাউসের কমিশনার মো. মুশফিকুর রহমান।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার অরুণ কুমার বিশ্বাস। প্রবন্ধের ওপর আলোচনা করেন খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটের কমিশনার মানস কুমার বর্মন। এছাড়া বক্তব্য দেন সি অ্যান্ড এফ কার্যনির্বাহী সদস্য মো. আব্দুর সবুর ও মো. মোশাররফ হোসেন প্রমুখ। আঞ্চলিক কমিটি খুলনা-মোংলা এ অনুষ্ঠানের আয়োজন করে।
সেমিনারে জানানো হয়, ২০২৪-২৫ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আহরিত কর-রাজস্বের পরিমাণ ছিল ৩ লাখ ৭০ হাজার ৮৭৫ কোটি টাকা। এর মধ্যে কাস্টমস আহরণ করেছে ১ লাখ ১৯৮ কোটি টাকা, যা মোট রাজস্বের প্রায় ২৭ শতাংশ। ২০২৫-২৬ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের কর-রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৩ হাজার কোটি টাকা। এর মধ্যে কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১ লাখ ৩০ হাজার ৭৮০ কোটি টাকা। দেশের মোট রাজস্ব আয়ের প্রায় ৮৯ শতাংশ আসে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে। আমদানি-রপ্তানির ক্ষেত্রে প্রতিদিন প্রায় ১৭ হাজারের বেশি বিল অব এন্ট্রি কাস্টমসের নিকট দাখিল ও নিষ্পত্তি হয়ে থাকে।
সেমিনারে সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী, আমদানি-রপ্তানিকারক, সি অ্যান্ড এফ ও শিপিং এজেন্টসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ঊআ-রহমাতুল্লাহ
