ঊষার আলো প্রতিবেদক : এই সেই মে মাস, আবার সেই লকডাউনও। এই আবহে ফের আম্ফানের স্মৃতি উস্কে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় যশ। আবহাওয়া অফিস সূত্রে এ ইঙ্গিত দেয়া হয়েছে। গত বছর এই সময়েই আম্ফান আছড়ে পড়ে। যার ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছে উপকূলবাসী। প্রায় একই সময় এ বছর আছড়ে পড়তে চলেছে আর এক শক্তিশালী ঘূর্ণিঝড় যশ। বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে এই ঘূর্ণিঝড়। গত বছরের আম্ফানের স্মৃতি শুধু টাটকাই নয়, সুন্দরবনের এখনও বহু এলাকা আম্ফানের ক্ষয়ক্ষতি সামলে উঠতে পারেনি। এদিকে কেটে গেছে এক বছর। মে মাসের ২০ তারিখে গত বছর আছড়ে পড়েছিল আম্ফান। এ বছরও প্রায় সমসাময়িক সময়েই এই রাজ্যের দিকে ধেয়ে আসছে আর এক সুপার সাইক্লোন যশ। আপাতত বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে এই ঘূর্ণিঝড়।
আবহাওয়া অফিস সূত্র জানায়, পূর্ব-মধ্য বঙ্গপোসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। যা ধীরে-ধীরে ঘূর্ণাবর্তে পরিণত হতে পারে। সমুদ্র থেকে জলীয় বাষ্প শুষে পরিণত হতে পারে সাইক্লোনে। প্রাথমিকভাবে সুন্দরবনে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তারপর অভিমুখ বদলে আঘাত হানতে পারে। গত বছর সুপার সাইক্লোন আম্ফানের তাণ্ডব দেখেছিল উপকূলবাসী। আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, যশের প্রভাব তার থেকেও বেশি হবে। এদিকে, এখনই বৃষ্টির পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস। আগামি দু’দিন থাকবে অস্বস্তিকর গরম। পারদ ঘোরাফেরা করতে পারে ৪০-এ। তবে শুক্রবার থেকে বঙ্গোপসাগরের নিম্নচাপে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। ২৩-২৫ তারিখের মধ্যে স্থলভূমিতে আছড়ে পড়তে পারে যশ।
অতিশক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে যশ। এমনটাই মনে করছেন আবহাওয়াবীদরা। যশ যেভাবে তার শক্তি বৃদ্ধি করে চলেছে তাতে তা ভয়ংকর তাণ্ডবলীলার কারণ হতে পারে।
আবহাওয়া দফতর মনে করছে যশ সুন্দরবনের ওপর আছড়ে পড়তে পারে। সুন্দরবনে আগামী ২৩ থেকে ২৫ মে-র মধ্যে আছড়ে পড়বে এই সুপার সাইক্লোন। এখনও পর্যন্ত যশের গতিপ্রকৃতি তাই বলছে বলে মনে করছেন আবহাওয়াবীদেরা। যশ নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।
আছড়ে পড়ার সময় ঝড়ের গতি কত থাকতে পারে সে সম্বন্ধে অবশ্য এখনও কিছু জানাতে পারেনি আবহাওয়া দপ্তর। যশ-এর শক্তি বৃদ্ধি ও গতিপ্রকৃতির ওপর কড়া নজর রাখছে আবহাওয়া দপ্তর।
(ঊষার আলো-এমএনএস)
