UsharAlo logo
, |

কয়রায় জনসভায় আবুল কালাম আজাদ: ‘ফ্যাসিবাদী কায়দায় নির্বাচন হলে প্রতিহত করা হবে’

ঊষার আলো ডেস্ক
জানুয়ারি ২৪, ২০২৬ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারী পরিচালক ও খুলনা-৬ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, কেউ যদি অতীতের মতো ফ্যাসিবাদী কায়দায় নির্বাচন করার স্বপ্ন দেখে থাকেন, তবে তা বাস্তবায়ন হতে দেওয়া হবে না। তিনি বলেন, “কোনো প্রশাসনিক অপচেষ্টা, ভোটকেন্দ্রে মস্তানতন্ত্র বা কালো টাকার খেলা সহ্য করা হবে না।”

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আবু সাঈদরা চলে গেলেও তারা যে শিক্ষা ও অনুপ্রেরণা দিয়ে গেছেন, তা আমাদের আন্দোলনের প্রেরণা হয়ে থাকবে। একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।”

মাওলানা আজাদ আরও বলেন, “সোনার বাংলা গড়তে হলে সবার আগে সোনার মানুষ তৈরি করতে হবে। আদর্শবান ও নৈতিকতাসম্পন্ন মানুষ ছাড়া উন্নত রাষ্ট্র গঠন সম্ভব নয়।” স্বাধীনতার ৫৪ বছরেও সাধারণ মানুষের ভাগ্যের মৌলিক পরিবর্তন হয়নি উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতি, শোষণ ও দুঃশাসনের কারণে জনগণ কাঙ্ক্ষিত সুফল পায়নি। শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, নৈতিক উন্নয়নই জাতির মূল ভিত্তি বলে মন্তব্য করেন তিনি।

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনকে ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র ও ‘ইঞ্জিনিয়ারিং’-এর আলামত দেখা যাচ্ছে। অতীতের অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি বাগালী ইউনিয়নের ঘুগরাকাটী ফাজিল মাদরাসা ময়দানে মহিলা সমাবেশ, এস ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী সমাবেশ এবং আমাদী ইউনিয়নের খেওনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আরেকটি মহিলা সমাবেশে অংশ নেন।

আমাদী ইউনিয়ন আমীর মাওলানা সাজ্জাদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি তৈয়্যেবুর রহমানের পরিচালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, সহকারী সেক্রেটারি এডভোকেট মুস্তাফিজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি শেখ আবুল কালাম আজাদ, ইসলামী ছাত্রশিবিরের খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবু জার আল গিফারী, কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানসহ অন্য নেতৃবৃন্দ।

সভায় তিনি একটি সাম্যভিত্তিক, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ ও দখলমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান এবং সাধারণ মানুষের স্বপ্ন বাস্তবায়নে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

ঊআ-রহমাতুল্লাহ