ঊষার আলো ডেস্ক : ভারতের হরিয়ানার একটি হাসপাতালের স্টোররুম থেকে করোনার টিকার একটি ব্যাগ চুরি হয়ে যায়। ব্যাগটিতে ১ হাজার সাতশ’র বেশি ডোজ টিকা ছিল। বুধবার চুরি হওয়া ওই ব্যাগ অবশ্য চোর ফেরতও দিয়েছে। সেই সাথে একটি চিঠিও লিখে রেখে গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, অজ্ঞাত ওই চোর গোপনে টিকা ভর্তি ব্যাগ ফেরত দিয়ে গেছে। একটি চিঠিও রেখে গেছে। তাতে হিন্দিতে লেখা রয়েছে ‘দুঃখিত, আমি জানতাম না এটিতে করোনাভাইরাসের ওষুধ আছে।’
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরের দিকে সিভিল লাইন্স পুলিশ স্টেশনের বাইরে একটি চায়ের দোকানে এক লোকের হাতে টিকাভর্তি বাক্সটি ধরিয়ে দিয়ে চোর উধাও হয়ে যায়। ওই ব্যাগে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনের টিকা ছিল।
চায়ের দোকানে বসে থাকা ব্যক্তিকে চোর জানায়, তিনি পুলিশের জন্য খাবার ডেলিভারি করতে এসেছেন এবং তাকে তাড়াতাড়ি আরেকটি জায়গায় যেতে হবে। পুলিশ জানিয়েছে, অ্যান্টি-ভাইরাল ওষুধ রেমডিসিভির মনে করে চোর ভুলে হয়তো টিকাগুলো চুরি করেছিল।
ভারতে করোনাভাইরাস পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে। বাজারে রেমডিসিভিরের চাহিদা বেড়ে গেছে। করোনাভাইরাসের চিকিৎসায় ভারতসহ অনেক দেশে রেমডিসিভির ব্যবহার হচ্ছে। যদিও রেমডিসিভির ব্যবহারে এ রোগে আক্রান্তদের শারীরিক অবস্থার উন্নতির প্রমাণ এখনো পাওয়া যায়নি।
(ঊষার আলো-এমএনএস)
