স্টাফ রিপোর্টার, খুলনা:
চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সাম্প্রতিক ঘটনাবলি বিবেচনায় খুলনা জেলায় কর্মরত পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে রাতের বেলায় কোনো পুলিশ সদস্যকে একাকী চলাচল না করতে বলা হয়েছে।
গত শুক্রবার (৯ অক্টোবর) খুলনা জেলা বিশেষ শাখার (ডিএসবি) পুলিশ সুপার স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে এই নির্দেশ জারি করা হয়। চিঠিটি জেলার সব থানার অফিসার ইনচার্জসহ (ওসি) সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, বর্তমানে রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। সম্প্রতি বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা পরিলক্ষিত হওয়ায় সার্বিক নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ অবস্থায় রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটাসহ পুরো জেলায় বিশেষ অভিযান বা অন্যান্য দায়িত্ব পালনকালে সদস্যদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
নিয়োজিত পুলিশ সদস্যদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে সব ইউনিট ইনচার্জদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। অনুলিপি পাঠানো হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার, সার্কেল এসপি, ডিআইও-(১), গোয়েন্দা শাখা, ট্রাফিক বিভাগ ও কোర్టు পরিদর্শনসহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরে।
