UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

সামাজিক কাজে প্রশংসিত পাইকগাছা পৌরসভা ছাত্রলীগ

ঊষার আলো
জুন ২১, ২০২১ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় করোনা সংক্রমণ প্রতিরোধে প্রশাসনের সহযোগী হিসেবে কাজ করছে পৌরসভা ছাত্রলীগ। পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনির নেতৃত্বে ছাত্রলীগের তরুণ উদীয়মান একটি টিম আরোপিত বিধিনিষেধ কার্যকর করতে উপজেলা প্রশাসনের সহযোগী হিসেবে কাজ করে ইতোমধ্যে এলাকায় বেশ প্রশংসিত হয়েছে। সম্প্রতি এলাকায় করোনা প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় প্রশাসনের পক্ষ থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। বিধিনিষেধ কার্যকর করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিন বিভিন্ন অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযান সফল করতে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সাথে সহযোগী হিসেবে কাজ করছে পৌরসভা ছাত্রলীগের নেতাকর্মীরা। বিশেষ করে রায়হান পারভেজ রনি তার টিম নিয়ে বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানো, লিফলেট বিতরণসহ বিভিন্ন সচেতনতামূলক কাজ করছে। করোনা সংক্রমণ প্রতিরোধ ছাড়াও পৌরসভা ছাত্রলীগের সাংগঠনিক ও সামাজিক কার্যক্রম সর্বমহলে বেশ প্রশংসিত হয়েছে। কখনো তারা দায়িত্ব পালন করছে সংগঠনের। কখনো বাস্তবায়ন করছে দলীয় কর্মসূচি। সম্প্রতি ঐতিহাসিক ৬ দফা দিবস এবং প্রধানমন্ত্রীর কারামুক্তি দিবসের মতো অনেক গুরুত্বপূর্ণ দিবসও পালন করতে দেখা গেছে পৌরসভা ছাত্রলীগের উদ্যোগে। কখনো প্রাকৃতিক দুর্যোগের সময় নদীর চরে নেমে মেরামত করতে দেখা গেছে ভেঙ্গে যাওয়া বাঁধ। কখনো আবার কোমর পানি ভেঙ্গে পানিবন্দি মানুষের ঘরে পৌছে দিয়েছেন খাদ্য সামগ্রী। কখনো কৃষকের মাঠে গিয়ে দেখা গিয়েছে ধান কাঁটতে। কখনো রাতের আঁধারে মানবিক সহায়তা নিয়ে ছুটে গেছে কর্মহীন মানুষের দুয়ারে দুয়ারে। কখনো আবার সিনিয়র নেতাদের সাথে নিয়ে দেখা গেছে গাছের চারারোপন করতে। পবিত্র মাহে রমজানে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে বিতরণ করতে দেখা গেছে ইফতার সামগ্রী। এভাবেই নানা সামাজিক ও মানবিক কাজ করে ইতোমধ্যে সর্বমহলে প্রশংসিত হয়েছে পৌরসভা ছাত্রলীগ। যার নেতৃত্বে রয়েছে সংগঠনের সাধারণ সম্পাদক তরুণ উদীয়মান ছাত্রনেতা রায়হান পারভেজ রনি। তাদের কার্যক্রম দেখে অনেকেই বলেছেন রনির নেতৃত্বে পৌরসভা ছাত্রলীগ যে সব কাজ করছে এগুলোই হলো ছাত্রলীগের মূল ঐতিহ্য। পৌরসভা ছাত্রলীগের ন্যায় দেশের প্রতিটি ছাত্র সংগঠনকে এভাবেই দলীয় কার্যক্রমের পাশাপাশি সামাজিক ও মানবিক কাজে এগিয়ে আসা উচিত।
(ঊষার আলো-এমএনএস)