খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজিত তিন দিনব্যাপী “৭ম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইলেকট্রিক্যাল ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (ইআইসিটি ২০২৫)” এর সমাপনী অধিবেশন শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউস শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (ইন্টারগভর্নমেন্টাল অর্গানাইজেশনস অ্যান্ড কনস্যুলার অ্যাফেয়ার্স) এম. ফরহাদুল ইসলাম। চিফ প্যাট্রন হিসেবে ছিলেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইআইসিটি-২০২৫ এর কনফারেন্স চেয়ার এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম।
সভায় দেশি-বিদেশি গবেষক, শিক্ষক ও বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। বক্তারা উল্লেখ করেন, এই ধরনের আন্তর্জাতিক সম্মেলন জ্ঞান বিনিময় এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সেরা গবেষণাপত্রের জন্য ফাতেমা রশিদ ও আইইইই বেস্ট পেপার অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
উল্লেখ্য, ১৮ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের ১৫টি দেশ থেকে মোট ১০৪২টি টেকনিক্যাল পেপার জমা পড়ে, যেগুলোর মধ্যে ১৪২টি পেপার ২৫টি টেকনিক্যাল সেশনে উপস্থাপন করা হয়। আমেরিকা, ফ্রান্স, জাপান, কানাডা, তাইওয়ান, থাইল্যান্ড, আরব আমিরাত, সৌদি আরব, ভারত ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের গবেষক, শিক্ষক ও প্রকৌশলী এতে অংশগ্রহণ করেন।
এই সম্মেলন আন্তর্জাতিক মানের গবেষণা ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের ইলেকট্রিক্যাল এবং আইসিটি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
ঊআ-মোহন চৌধুরী
