খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে কর্মরত ১১তম থেকে ১৩তম গ্রেডভুক্ত কর্মচারীদের জন্য “চাকুরীর বিধি, শৃঙ্খলা ও আচরণবিধি বিষয়ক মৌলিক প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, একটি দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে দাপ্তরিক নিয়ম-কানুন সম্পর্কে সুস্পষ্ট ধারণার কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, কর্মচারীরাই বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রার প্রাণশক্তি। তাদের ব্যক্তিগত ও পেশাগত শৃঙ্খলা শুধু ব্যক্তিগত উন্নয়নই নিশ্চিত করে না, বরং পুরো প্রতিষ্ঠানের ভাবমূর্তি ও সুনাম বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান। সমাপনী বক্তব্যে তিনি বলেন, আইকিউএসি ধারাবাহিকভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। এ প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কর্মচারীরা তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে কার্যকরভাবে প্রয়োগ করবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র সেকশন অফিসার আশীষ কুমার ভৌমিক।
প্রশিক্ষণ কর্মশালায় দুটি কারিগরি অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে রিসোর্স পার্সন হিসেবে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এ. এন. এম. মিজানুর রহমান। দ্বিতীয় অধিবেশনে রিসোর্স পার্সন হিসেবে সেশন পরিচালনা করেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান।
দিনব্যাপী এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগের গ্রেড-১১ থেকে ১৩তম কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
ঊআ-মোহন চৌধুরী
