খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) কর্মরত নিরাপত্তা গার্ডদের পেশাদারিত্ব ও কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘বেসিক ট্রেনিং ফর সিকিউরিটি গার্ডস’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক উৎকর্ষতা বজায় রাখতে নিরাপদ ও সুশৃঙ্খল ক্যাম্পাস অপরিহার্য। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং সম্পদের নিরাপত্তা অনেকাংশেই নিরাপত্তা গার্ডদের নিষ্ঠা ও সতর্কতার ওপর নির্ভরশীল। তিনি আরও বলেন, আধুনিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় নিরাপত্তা গার্ডদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন জরুরি। এ ধরনের প্রশিক্ষণ তাদের আত্মবিশ্বাস বাড়াবে এবং যেকোনো অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলায় আরও দায়িত্বশীল করে তুলবে।
প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে কারিগরি ও তাত্ত্বিক সেশন পরিচালনা করেন কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এ. এন. এম. মিজানুর রহমান এবং আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান। তাঁরা নিরাপত্তা গার্ডদের নৈতিক দায়িত্ব, শৃঙ্খলা রক্ষা, পেশাগত আচরণ এবং জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।
আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র সেকশন অফিসার আশীষ কুমার ভৌমিক। প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকল নিরাপত্তা গার্ড অংশগ্রহণ করেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে কুয়েটের নিরাপত্তা ব্যবস্থাপনা আরও শক্তিশালী ও সুসংহত হবে এবং একটি নিরাপদ ক্যাম্পাস পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
ঊআ-মোহন চৌধুরী
