খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর-২০২৫) বিষয়ক দিনব্যাপী বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে কর্মশালার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকারি ক্রয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও দক্ষতার গুরুত্ব তুলে ধরে বলেন, একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন অনেকাংশেই স্বচ্ছ ও সঠিক ক্রয় প্রক্রিয়ার ওপর নির্ভরশীল। পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর-২০২৫) সম্পর্কে সম্যক ধারণা না থাকলে অর্থ ও সময়ের অপচয়ের ঝুঁকি তৈরি হয়। তিনি আরও বলেন, রাষ্ট্রীয় অর্থের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করতে এবং প্রশাসনিক কার্যক্রমে জবাবদিহিতা বজায় রাখতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তার পিপিআর-এর প্রতিটি ধারা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি। এ ধরনের কর্মশালা কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমকে আইনগতভাবে আরও সুসংহত করবে।
আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের পরিচালক প্রকৌশলী ড. মোঃ জুলফিকার হোসেন। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে অংশগ্রহণ করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি বিভাগের পরিচালক (উপ-সচিব) শাহ্ ইয়ামিন উল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ নূর কুতুবুল আলম।
দিনব্যাপী এই কর্মশালায় কারিগরি অধিবেশনগুলোর মাধ্যমে নতুন প্রবর্তিত পিপিআর-২০২৫-এর বিভিন্ন ধারা, নীতিমালা ও এর বাস্তব প্রয়োগ বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, গ্রন্থাগারিক, প্রভোস্ট, পরিচালক (ছাত্র কল্যাণ), পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ), কম্পট্রোলার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রধান প্রকৌশলী, প্রধান চিকিৎসা কর্মকর্তা, প্রকল্প পরিচালক (ইআইএএ) দপ্তরের প্রধানগণসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
