খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলরের বাসভবন এবং সকল আবাসিক হলে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের অংশগ্রহণে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক।
সকাল ১০টায় ক্যাম্পাসস্থ মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘দুর্বার বাংলা’র পাদদেশে জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, পরিচালক (ছাত্র কল্যাণ) এবং বিভিন্ন বিভাগের জ্যেষ্ঠ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জাতির সূর্য সন্তান বীর শহীদদের প্রতি পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ উপলক্ষে বিএনসিসির একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।
পরবর্তীতে শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি, বিভিন্ন আবাসিক হল এবং মাস্টাররোল কর্মচারী সমিতির পক্ষ থেকে পর্যায়ক্রমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
সকাল ১০টা ৩০ মিনিটে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা। এছাড়া আলোচনায় অংশ নেন মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ হেলাল-আন-নাহিয়ান, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও ডেপুটি রেজিস্ট্রার মোঃ মঈনুল হক, কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক আহসান হাবিব এবং কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাসিব সরদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিচালক (ছাত্র কল্যাণ) কার্যালয়ের সহকারী রেজিস্ট্রার শেখ ওমর ফারুক।
দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে বিকাল ৩টায় কেন্দ্রীয় খেলার মাঠে শিক্ষক বনাম ছাত্র প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এছাড়া বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
ঊআ-মোহন চৌধুরী
