UsharAlo logo
, |

কুয়েটে ১৫ জানুয়ারি প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা, অংশ নিচ্ছে ১১ হাজারের বেশি পরীক্ষার্থী

ঊষার আলো ডেস্ক
জানুয়ারি ১৪, ২০২৬ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বি.এসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিনে বিআর্ক (আর্কিটেকচার) প্রোগ্রামের জন্য মুক্তহস্ত অংকন পরীক্ষা দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত গ্রহণ করা হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং—এই তিনটি অনুষদের অধীন ১৬টি বিভাগে মোট ১ হাজার ৬৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এবছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে মোট ১১ হাজার ৭১৩ জন পরীক্ষার্থী। লিখিত পরীক্ষা মোট ৫০০ নম্বরের হবে। বিআর্ক প্রোগ্রামে ভর্তিচ্ছু প্রার্থীদের লিখিত পরীক্ষার পাশাপাশি আলাদাভাবে ১ ঘণ্টার ১০০ নম্বরের মুক্তহস্ত অংকন পরীক্ষায় অংশ নিতে হবে।

এবছর কুয়েটের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রেও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কুয়েট কেন্দ্রে রোল নম্বর ১০০০১ থেকে ১৬২২২ পর্যন্ত মোট ৬ হাজার ২২২ জন এবং বুয়েট কেন্দ্রে রোল নম্বর ২০০০১ থেকে ২৫৪৯১ পর্যন্ত মোট ৫ হাজার ৪৯১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

ভর্তি পরীক্ষার মাধ্যমে সিভিল, ইইই, মেকানিক্যাল ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রতিটিতে ১২০ জন করে শিক্ষার্থী ভর্তি করা হবে। এছাড়া ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, লেদার, টেক্সটাইল, আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট ও ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬০ জন করে ভর্তি করা হবে। বায়োমেডিকেল, এনার্জি সায়েন্স, কেমিক্যাল ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩০ জন করে এবং আর্কিটেকচার বিভাগে ৪০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এছাড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও চট্টগ্রাম বিভাগের পার্বত্য জেলার শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত রয়েছে ৫টি আসন।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.kuet.ac.bd-এ পাওয়া যাবে। ভর্তি পরীক্ষা বিষয়ে যে কোনো প্রয়োজনে admission@kuet.ac.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে।

ঊআ-মোহন চৌধুরী