UsharAlo logo
, |

ক্ষমতায় গেলে বন্ধ শিল্পকারখানা চালু হবে, বেকার ভাতা নয়—চাকরি দিয়ে সম্মানিত করা হবে যুবকদের

ঊষার আলো ডেস্ক
জানুয়ারি ২৭, ২০২৬ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে বন্ধ মিল-কারখানা পুনরায় চালু করা হবে এবং নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে। যুবকদের বেকার ভাতা দিয়ে নয়, কর্মসংস্থানের মাধ্যমে সম্মানিত করা হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে মহানগরী ও জেলা জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জনসভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান।

ডা. শফিকুর রহমান বলেন, বিগত সরকারের ভুলনীতি ও লুটপাটের কারণে একের পর এক শিল্পকারখানা বন্ধ হয়েছে, ফলে খুলনার শিল্প ও কৃষিখাত ক্ষতিগ্রস্ত হয়েছে। জামায়াত রাষ্ট্রক্ষমতায় গেলে শিল্প পুনরুজ্জীবনের মাধ্যমে অর্থনীতি শক্তিশালী করা হবে। তিনি বলেন, “আমরা যুবকদের হাতে বেকার ভাতা তুলে দিয়ে অপমান করতে চাই না; কাজের সুযোগ দিয়ে তাদের সম্মানিত করতে চাই।”

নির্বাচনকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি জনগণকে ভোটের অধিকার রক্ষায় সতর্ক থাকার আহ্বান জানান। প্রত্যেক নাগরিককে ভোটের পাহারাদার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটার যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে হবে।

তিনি অতীতের রাজনৈতিক সহিংসতা ও দমন-পীড়নের প্রসঙ্গ তুলে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানান।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণ দুর্নীতি, চাঁদাবাজি ও লুটপাটের রাজনীতি আর দেখতে চায় না। নির্বাচনে জয়ী হলে খুলনা অঞ্চলের জলাবদ্ধতা নিরসন, বন্ধ মিল-কারখানা চালু, গ্যাস সরবরাহ, আধুনিক বিমানবন্দর স্থাপন ও সুন্দরবনকেন্দ্রিক পর্যটনশিল্প উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, সুশাসন ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে জনগণের সমর্থন প্রয়োজন।

জনসভায় বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং ইসলামী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম পরিচালিত হয়।

ঊআ-রহমাতুল্লাহ