খুলনার খালিশপুরে অবস্থিত ওব্যাট জুনিয়র হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল অত্যন্ত উৎসাহ, শৃঙ্খলা ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, দলগত সহযোগিতা, ক্রীড়াসুলভ মনোভাব ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
সকাল বেলায় উদ্বোধনী অধিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ ফারুক ই আজম মোহাম্মদ আব্দুস সালাম। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক শক্তি অর্জনের গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান, বঙ্গবাসী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, বঙ্গবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাবিনা ইয়াসমিন, সোহেল মাল্লিক, মো. জামালউদ্দিন, মো. শামসুল হক, মো. কালিম, মো. জাহাঙ্গীরসহ আরও অনেকে। প্রধান অতিথি বিদ্যালয় কর্তৃপক্ষকে এমন অর্থবহ ক্রীড়া আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের শৃঙ্খলা ও নেতৃত্ব গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা দৌড় প্রতিযোগিতা, ফুল তোলা, চেয়ার বসা, বালিশ নিক্ষেপসহ বিভিন্ন ঐতিহ্যবাহী খেলায় উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। পুরো মাঠজুড়ে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের আনন্দ ও উচ্ছ্বাসে মুখরিত ছিল পরিবেশ।
বিকেলে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সহকারী থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আল-আমিন। এ সময় আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক এ. বি. এম. আজাদ। বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, যা তাদের মেধা, পরিশ্রম ও ক্রীড়াসুলভ মনোভাবের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. হুমায়ুন কবির। তিনি সকল সম্মানিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আয়োজকদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
ঊআ-রহমাতুল্লাহ
