UsharAlo logo
, |

খুবিতে ইয়েস প্রোগ্রামের উদ্বোধন

ঊষার আলো ডেক্স
এপ্রিল ৫, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

তরুণরা উদ্যোক্তা হলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে — উপাচার্য

 বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং স্টার্টআপ বিকাশে উৎসাহিত করতে “ইয়ুথ এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড স্টার্টআপ ফর স্টুডেন্টস (YES)” শীর্ষক প্রোগ্রাম খুলনা বিশ্ববিদ্যালয়-এ অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

উপাচার্য বলেন, বাংলাদেশ নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। তিনি বলেন, চাকরির বাজার সীমিত হওয়ায় তরুণদের চাকরি খোঁজার পাশাপাশি উদ্যোক্তা হয়ে অন্যদের জন্যও কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা উদ্যোক্তা হিসেবে গড়ে উঠলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। ব্যবসা-বাণিজ্যে সফলতার সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি এ খাতে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান।

উপাচার্য জানান, খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘ইউনিভার্সিটি ইনোভেশন হাব’ প্রতিষ্ঠা করা হয়েছে, যেখানে শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ ও সিড মানি প্রদান করা হচ্ছে। তিনি বাস্তবসম্মত ব্যবসায়িক ধারণা ও সফট স্কিল উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

শিল্প মন্ত্রণালয়াধীন এসএমই ফাউন্ডেশন আয়োজিত এ প্রোগ্রামে সহযোগিতা করে খুলনা বিশ্ববিদ্যালয় ও খুলনা ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব।

এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, বাংলাদেশ ব্যাংক খুলনা কার্যালয়ের নির্বাহী পরিচালক মো. রুকনুজ্জামান এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক নুরুল হাই।

স্বাগত বক্তব্য দেন এসএমই ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার আব্দুস সালাম সরদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্যারিয়ার ক্লাবের তাসমিয়া ইসলাম তিশা ও ফাহিম খান।

বক্তারা বলেন, তরুণদের সামনে এখন অবারিত সম্ভাবনা রয়েছে। উদ্যোক্তা হয়ে নিজের পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। তারা আরও বলেন, দেশে উদ্যোক্তা উন্নয়নে একটি শক্তিশালী স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলা প্রয়োজন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর তিনটি প্লেনারি সেশনে উদ্যোক্তা উন্নয়ন, স্টার্টআপ গঠন, মেন্টরশিপ এবং ব্যবসায়িক প্রশিক্ষণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

এ প্রোগ্রামে খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি খুলনার প্রায় তিনশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

ঊআ-রহ