খুলনা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার (আরআইসি)-এর উদ্যোগে ‘রিসার্চ ফর একাডেমিকস: আর্লি ক্যারিয়ার পার্সপেক্টিভ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়কে একটি ইমপ্যাক্টফুল রিসার্চ ইউনিভার্সিটি হিসেবে গড়ে তোলাই বর্তমান প্রশাসনের অন্যতম লক্ষ্য। এ জন্য গবেষণার ক্ষেত্রে নিজস্ব স্বকীয়তা বজায় রেখে বিশ্বমানের প্রতিযোগিতায় নিজেদের সক্ষমতা প্রমাণ করতে হবে। তিনি বলেন, নবীন শিক্ষকদের ক্যারিয়ার উন্নয়নে গবেষণার বিকল্প নেই। ক্যারিয়ারের শুরু থেকেই গবেষণামুখী মানসিকতা গড়ে তোলার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারে সচেতনতা ও নৈতিকতা বজায় রাখতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী বলেন, উচ্চমানের গবেষণাই একজন শিক্ষকের একাডেমিক ও পেশাগত সক্ষমতার ভিত্তি গড়ে তোলে। তাই নতুন শিক্ষকদের নিয়মিত গবেষণা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার মানসিকতা তৈরি করা জরুরি।
রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারের পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মো. আশরাফুল আলম। স্বাগত বক্তব্য দেন আরআইসি’র যুগ্ম পরিচালক প্রফেসর ড. মো. আসাদুজ্জামান।
পরে কর্মশালায় ‘ডেভেলপিং এ রিসার্চ আইডেন্টিটি অ্যান্ড রিসার্চ এথিকস’, ‘রিসার্চ স্কিলস অ্যান্ড মেথডোলজি’, ‘পাবলিকেশন, ডিসেমিনেশন অ্যান্ড কলাবোরেশন’ এবং ‘রিসার্চ অপরচুনিটিজ অ্যান্ড ফান্ডিং’ বিষয়ে চারটি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। সেশনগুলোতে গবেষণার নৈতিকতা, প্রকাশনা কৌশল, গবেষণা সহযোগিতা ও অর্থায়নের সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
র্দিনব্যাপী এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের প্রভাষকরা অংশগ্রহণ করেন।
ঊআ-রহ
