UsharAlo logo
, |

খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ২, ২০২৫ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

 খুলনা বিশ্ববিদ্যালয়ে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে স্থাপত্য ডিসিপ্লিন ও শাতোত্তো আর্কিটেকচার ফর গ্রিন লিভিং-এর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এই এমওইউ স্বাক্ষর অনুষ্ঠিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী এবং শাতোত্তো আর্কিটেকচারের পক্ষে প্রতিষ্ঠানটির পার্টনার নুর ই জান্নাত জুঁই। পরে উভয় পক্ষ স্বাক্ষরিত কপিও বিনিময় করেন।

স্বাক্ষর অনুষ্ঠানে ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী বলেন, রফিক আজম ট্রাভেল স্কলারশিপ স্থাপত্য শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক অভিজ্ঞতা ও জ্ঞানবিনিময়ের এক অনন্য সুযোগ তৈরি করবে। বিভিন্ন দেশের স্থাপত্যধারা, সংস্কৃতি ও পরিবেশ সরাসরি দেখার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং পেশাগত দক্ষতা আরও সমৃদ্ধ হবে বলে তিনি মন্তব্য করেন।

শাতোত্তো আর্কিটেকচারের প্রতিষ্ঠাতা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতি রফিক আজম বলেন, স্থাপত্য হলো মানুষ, প্রকৃতি ও সংস্কৃতিকে জানার একটি যাত্রা। তরুণ স্থপতিদের সেই যাত্রায় অনুপ্রাণিত করতে অনেক দিন ধরে এই স্কলারশিপ পরিচালিত হচ্ছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ উন্মুক্ত করতে পেরে তিনি আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজের অভিজ্ঞতা শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গিকে আরও বিস্তৃত করবে এবং দেশের স্থাপত্যচর্চায় নতুন মাত্রা যোগ করবে।

অনুষ্ঠানে জানানো হয়, ২০১০ সালে রফিক আজম প্রতিষ্ঠিত এই স্কলারশিপ ইতোমধ্যে ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন দেশে সফলভাবে পরিচালিত হয়ে আসছে। এবার প্রথমবারের মতো খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীরাও এই সুযোগ পাবেন। নির্বাচিত শিক্ষার্থী তালিকাভুক্ত দেশগুলোর যেকোনো একটিতে—ভারত, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, থাইল্যান্ড বা ইন্দোনেশিয়া—এক সপ্তাহের আবাসিক কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। স্কলারশিপে রিটার্ন এয়ার টিকিট, থাকা-খাওয়া, দৈনিক ভাতা ও স্থানীয় পরিবহনের সব ব্যয় অন্তর্ভুক্ত থাকবে। তবে কোনো অর্থ নগদ প্রদান করা হবে না। ভ্রমণ শেষে শিক্ষার্থীকে প্রতিবেদন ও উপস্থাপনা জমা দিতে হবে। প্রতি বছর একজন শিক্ষার্থী এ স্কলারশিপের সুযোগ পাবেন।

এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থাপত্য ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. রুমানা আসাদ, প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম, সহযোগী অধ্যাপক ডি.এ.টি.এম. মাসুদ রেজা, সহযোগী অধ্যাপক মোঃ শেখ মারুফ হোসেন, সহযোগী অধ্যাপক এস.এম. নাজিমুদ্দিন ও সহযোগী অধ্যাপক শিবু প্রসাদ বসু।

ঊআ-মোহন চৌধুরী