UsharAlo logo
, |

খুবি উপকেন্দ্রে ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ৬, ২০২৫ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত শুধুমাত্র খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষা অনুষ্ঠিত হয়। নির্ধারিত ১ হাজার ৮২৬ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিতির হার ছিল ৯৮ শতাংশ।

পরীক্ষা চলাকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বিভিন্ন পরীক্ষার হল ও কন্ট্রোল রুম পরিদর্শন করেন। তিনি পরীক্ষার সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর নেন এবং শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. রুমানা হক, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, পরীক্ষার ফোকাল পয়েন্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খানসহ সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া কন্ট্রোল রুম ও পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও দায়িত্ব পালন করেন।

ঊআ-মোহন চৌধুরী