সিটি কর্পোরেশন সেমিনার হলে আপস যুব সংগঠন এর উদ্যোগে অনুষ্ঠিত হলো “ইকোফ্লট রেজিলিয়েন্ট কমিউনিটি স্টেকহোল্ডার সংলাপ।’’ গ্রীণ ভয়েসেস প্রকল্পের অধীনে বাস্তবায়িত ইকোফ্লট প্রকল্পের অগ্রগতি এবং উপকূলীয় জনপদের টেকসই কৃষি ও কমিউনিটি রেজিলিয়েন্স বিষয়ে আলোচনা করতে এই সংলাপের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান। এছাড়াও অনুষ্ঠানে সরকারি ব্রজলাল কলেজের অধ্যাপক ড. মোঃ তৌহিদুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশিক্ষণ) এস.এম. বদিউজ্জামান, সাবেক প্রধান শিক্ষক শেখ রফিকুল ইসলাম, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও উন্নয়ন সংস্থা সিরাক বাংলাদেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন আপস যুব সংগঠনের প্রধান উপদেষ্টা শাহ্ জিয়াউর রহমান।
প্রধান অতিথি শরীফ আসিফ রহমান বলেন, “ইকোফ্লট প্রকল্প উপকূলীয় কৃষিকে আরও সক্ষম ও জলবায়ু-সহনশীল করার একটি উদ্ভাবনী উদ্যোগ। এটি কয়রা, বাগেরহাট ও পাইকগাছা অঞ্চলের টেকসই কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপসের যেকোনো সহায়তায় কেসিসি পাশে থাকবে।”
অধ্যাপক ড. মোঃ তৌহিদুল ইসলাম বলেন, “আপসের এই ভাসমান প্রযুক্তি উপকূলীয় অঞ্চলে টেকসই কৃষির ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখবে। প্রয়োজনীয় টেকনিক্যাল সহায়তা দিতে আমি সর্বদা প্রস্তুত।”
সংলাপের প্রথম পর্বে আপস যুব সংগঠন এর সভাপতি মোঃ রেদওয়ানুল ইসলাম রুহান সংগঠনের কার্যক্রম উপস্থাপন করেন। এরপর ইশতিয়াক আহমেদ ইকোফ্লট এগ্রো-টেক প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন। অনুষ্ঠান চলাকালীন প্রদর্শিত হয় “নোনা জলে জীবন চলে” শিরোনামের একটি সংক্ষিপ্ত ডকুমেন্টারি, যা একজন বাঘ বিধবার জীবন সংগ্রামের বাস্তব চিত্র উপস্থাপন করে।
অনুষ্ঠানে আস্থা সেবা সংস্থা, প্রান্তজ ফাউন্ডেশন এবং আরিয়ান যুব সংগঠন এর সঙ্গে আপস যুব সংস্থার অফিসিয়াল পার্টনারশিপ স্বাক্ষর হয়। আয়োজকরা জানান, এই পার্টনারশিপের মাধ্যমে আরও বেশি কৃষক, নারী ও যুবককে সম্পৃক্ত করে উপকূলীয় অঞ্চলে টেকসই উন্নয়ন এবং রেজিলিয়েন্ট কমিউনিটি গড়ে তোলা হবে।
ঊআ-মোহন চৌধুরী
