খুলনার আলোচিত সন্ত্রাসী গ্রুপ বি-কোম্পানির সক্রিয় সদস্য ও মাদক সরবরাহের হোতা হিসেবে পরিচিত শুটার ইমরানসহ পাঁচজনকে ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬ ও এসআরবি-২-এর যৌথ আভিযানিক দল। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) রাত ৩টা ৫০ মিনিটে ডিএমপির মোহাম্মদপুর থানাধীন চন্দ্রিমা মডেল টাউন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ইমরান (৪০), পিতা রফিকুল ইসলাম; ইমন খান (২১), পিতা আনোয়ার খান; মো. আল আমিন (২০), পিতা মৃত আব্দুর রশিদ; রফিকুল ইসলাম (২১), পিতা মো. রুহুল মুন্সি এবং হানিফ সিকদার (১৯), পিতা আব্দুল হালিম সিকদার। তাঁদের সবার বাড়ি খুলনার রূপসা উপজেলার বিভিন্ন এলাকায়।
এসআরবি-৬-এর দেওয়া তথ্য অনুযায়ী, ইমরান খুলনার সন্ত্রাসী গ্রুপ বি-কোম্পানির প্রধান গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে খুলনা আদালত চত্বরে আলোচিত জোড়া খুন, রূপসায় দেড় মাসের ব্যবধানে সংঘটিত পিতা-পুত্র হত্যা, খুলনা সদর থানায় অস্ত্র মামলা ও গোপালগঞ্জ সদর থানায় মাদক মামলাসহ একাধিক অপরাধে জড়িত থাকার তথ্য রয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।
এ ছাড়া খুলনা মহানগরী এবং জেলার রূপসা, তেরখাদা ও দিঘলিয়া এলাকায় বি-কোম্পানির চাঁদাবাজি ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণের সঙ্গেও তাঁদের সংশ্লিষ্টতার তথ্য রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
অভিযানকালে তাঁদের তল্লাশি করে একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী এসব আলামত জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ডিএমপির মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের পর উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি ফোর্সেস জানিয়েছে, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
ঊষার আলো-এসএ
