খুলনা নগরীর শিববাড়ী মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. আকাশকে (২৩) গ্রেপ্তার করেছে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর শেখপাড়া স্টাফ কোয়ার্টার্স এলাকার সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ১১ নভেম্বর ভোর ৪টা ১৫ মিনিটের দিকে শিববাড়ী মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে নিরাপত্তার দায়িত্ব পালনকালে পেট্রোল নিক্ষেপ করে অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা করা হয়। মামলার নম্বর ১০, তারিখ ১১ নভেম্বর ২০২৬; জিআর নম্বর ২৬৩।
গ্রেপ্তার আকাশ শেখপাড়া স্টাফ কোয়ার্টার্স এলাকার বাসিন্দা। পুলিশের দাবি, তাকে জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। পাশাপাশি ঘটনার পরিকল্পনাকারী, অর্থের জোগানদাতা, মদদদাতা ও সহযোগীদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে তদন্ত ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ।
ঊআ-মোচৌ
