UsharAlo logo
, |

খুলনায় এসডিজি ভিলেজ নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ৩, ২০২৫ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বাস্তবায়নে পাইলট গ্রাম নির্বাচন ও স্থানীয় পর্যায়ে উন্নয়ন কৌশল নির্ধারণে খুলনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “বাংলাদেশের টেকসই উন্নয়নে অর্থনৈতিক কৌশল পুনঃনির্ধারণ” শীর্ষক প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মনজুর হোসেন।

সভায় ড. মনজুর হোসেন বলেন, সরকারি সেবা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলেই টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। তৃণমূল পর্যায়ের সমস্যাগুলো চিহ্নিত ও সমাধানে উদ্যোগ না নিলে এসডিজি অর্জন কঠিন হবে। তিনি জানান, জলাবদ্ধতা ও লবণাক্ততার চ্যালেঞ্জ মোকাবেলায় ডুমুরিয়া উপজেলার একটি গ্রামকে এসডিজি ভিলেজ হিসেবে পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে।

জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। সভায় প্রকল্পের প্রবন্ধ উপস্থাপন করেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সিনিয়র সহকারী প্রধান সুমন দাস।

এ ছাড়া পরিকল্পনা কমিশনের যুগ্মপ্রধান ড. এস এম যোবায়দুল কবির, মোঃ ছিদ্দিকুর রহমান, উপপ্রধান মোঃ যুবায়ের, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ আরিফুল ইসলাম, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. তাছলিমা আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা সভায় অংশ নেন।

টেকসই অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি গড়ে তোলা, অগ্রাধিকার খাত চিহ্নিতকরণ এবং স্বল্পমেয়াদী উন্নয়ন কৌশল প্রণয়নসহ এসডিজি বাস্তবায়ন ত্বরান্বিত করাই প্রকল্পের মূল উদ্দেশ্য বলে সভায় জানানো হয়।

ঊআ-মোহন চৌধুরী