UsharAlo logo
, |

খুলনায় ওসমান হাদীর ওপর হত্যাচেষ্টার তীব্র নিন্দা, অবিলম্বে তদন্ত ও গ্রেপ্তার দাবি বিএনপির

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ১৩, ২০২৫ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর ওপর পরিকল্পিত হামলার তীব্র নিন্দা জানিয়ে খুলনা মহানগর ও জেলা বিএনপি শনিবার (১৩ ডিসেম্বর) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত করেছে। দলের নেতা-কর্মীরা এই হামলাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা হিসেবে আখ্যায়িত করেছেন।

খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের ধানের শীষ প্রার্থী সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘‘ওসমান হাদীর ওপর হত্যাচেষ্টা কোনো সাধারণ ঘটনা নয়। এটি নির্বাচন বানচাল করার উদ্দেশ্যেই সংঘটিত হয়েছে। সারা দেশে বিএনপির পক্ষে গণজাগরণ তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে এ ধরনের হামলা পরিকল্পিতভাবে চালানো হয়েছে।’’ তিনি অবিলম্বে হামলার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

বিএনপি কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষ প্রার্থী রকিবুল ইসলাম বকুল বিশেষ বক্তৃতায় বলেন, ‘‘দীর্ঘ ১৬ বছর ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারমুক্ত বাংলাদেশ অর্জন হলেও ষড়যন্ত্র থামেনি। চব্বিশের জুলাই যোদ্ধা ওসমান হাদীর ওপর হত্যা চেষ্টা তারই অংশ।’’ তিনি অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারসহ জনগণের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ‘‘আমরা আশা করি নির্বাচনমুখী পরিবেশ সুষ্ঠু হবে, যাতে জনগণ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করবেন।’’

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের ধানের শীষ প্রার্থী আজিজুল বারী হেলাল বলেন, ‘‘খুনি হাসিনা দেশে থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকেই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছেন। ভারত এই ষড়যন্ত্রে ইন্ধন যোগাচ্ছে।’’

সমাবেশে বক্তব্য রাখেন আরও বিএনপির একাধিক নেতা ও প্রার্থী। সমাবেশ পরিচালনা করেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী। সমাবেশ শেষে দলের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় মহানগর ও জেলা, থানা, উপজেলা, ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন এবং হামলার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু ও নিরাপদ নির্বাচনের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ঊআ-মোহন চৌধুরী