UsharAlo logo
, |

খুলনায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও রাজনৈতিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ৮, ২০২৫ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় বিএনপি বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা আয়োজন করেছে। একই সময়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রস্তুতি ও সাংগঠনিক তৎপরতা জোরদার করার লক্ষ্যে নেতারা মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

আইচগাতী ইউনিয়ন বিএনপির আয়োজনে রুপসার আইচগাতী সেনের বাজারে বিকেলে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক ও ধানের শীষ প্রতীকের প্রার্থী জননেতা আজিজুল বারী হেলাল। তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া এক হৃদয়ে দেশের জনগণকে ধারণ করে রেখেছেন। তাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল, রাজনীতি থেকে সরিয়ে দিতে চাওয়া হয়েছিল—আজ তার সুস্থতার জন্য শুধু বাংলাদেশের মানুষ নয়, বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক নেতৃবৃন্দও দোয়া করছেন।” হেলাল উপস্থিত সবাইকে দেশনেত্রীর রোগমুক্তির জন্য দুই হাত তুলে দোয়া করার আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন আইচগাতী ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির আহবায়ক শেখ আবু সাঈদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলি জুলু, মোল্লা খায়রুল ইসলাম, এনামুল হক সজল, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের শতাধিক নেতৃবৃন্দ।

অন্যদিকে খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে পরিত্যক্ত কারাগারে আটকে রেখে খাবারে বিষ মিশিয়ে (স্লো পয়জনিং) হত্যার চেষ্টা করেছিলেন। তিনি বলেন, “আজ বেগম খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগ্রাম করছেন। আল্লাহর অশেষ রহমতে তিনি এখনো বেঁচে আছেন এবং আমরা বিশ্বাস করি তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।” খুলনা সদর থানা বিএনপির উদ্যোগে জাতিসংঘ পার্কে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এছাড়া খুলনা-৩ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল নগরীর নিজ বাসভবনে দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভায় নির্বাচনকে ঘিরে করণীয়, সাংগঠনিক শক্তি বৃদ্ধি, ভোটারদের কাছে ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়া, পোলিং এজেন্ট নিয়োগ ও প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়। বকুল বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু একটি নির্বাচন নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। প্রতিটি ওয়ার্ডে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে এবং পোলিং এজেন্টদের সততা ও দক্ষতার সঙ্গে প্রস্তুত করতে হবে।”

সভা শেষে নেতারা খুলনা-৩ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গড়ে তোলা এবং নির্বাচনে বিজয় নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ঊআ-মোহন চৌধুরী