UsharAlo logo
, |

খুলনায় শীতবস্ত্র বিতরণে অসহায়দের মুখে হাসি

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ১৩, ২০২৫ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

শীতের প্রারম্ভে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে খুলনায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) বিকেলে নগরীর শেরেবাংলা রোডে অবস্থিত লায়ন্স স্কুল অডিটরিয়াম প্রাঙ্গণে বাংলাদেশ সবুজ শ্যামল পরিষদ (বিএসএসপি)–এর তরুণ সহযোগী সংগঠন খুলনা বিভাগীয় কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শীতার্ত ও অসহায় ১০০ জন মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সবুজ শ্যামল পরিষদের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ আব্দুস সামাদ রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা পাবলিক কলেজের সহকারী অধ্যাপক এস এম মান্নান বাবুল, চ্যানেল এস-এর উপদেষ্টা আবু আসলাম বাবু, নতুনতারা’র মহাপরিচালক সাইফুল মিনা এবং সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএসপি খুলনা বিভাগের সভাপতি এস এম নাজমুল হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের খুলনা বিভাগের সম্পাদক মো. হুমায়ুন কবির। এ সময় সংগঠনের বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আব্দুস সামাদ রুবেল বলেন, শীতকাল অনেকের জন্য আনন্দের হলেও সমাজের একটি বড় অংশের জন্য এটি কষ্টের সময়। যাদের পর্যাপ্ত পোশাক ও আশ্রয় নেই, তাদের পাশে দাঁড়ানোই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে এ ধরনের মানবিক উদ্যোগ আরও বড় পরিসরে বাস্তবায়ন করা সম্ভব হবে।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শীতবস্ত্র বিতরণের মাধ্যমে শীত মৌসুমে দরিদ্র মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের লক্ষ্য। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

ঊআ-মোহন চৌধুরী