UsharAlo logo
, |

খুলনায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির আগামীর দেশ গড়ার পরিকল্পনা বিষয়ক আলোচনা সভা

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ২৮, ২০২৫ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

খুলনা নগরীর ১৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির আগামীর দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৪টায় খালিশপুরে খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে ১৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. সোহেল মিয়ার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিরাজুর রহমান মিরাজ। তিনি তার বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার রূপরেখার মধ্য থেকে বিশেষ ৮ দফা তুলে ধরে আলোচনা করেন। এ সময় তিনি বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার ও একটি আধুনিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে এই ৩১ দফা বাস্তবায়ন অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুলকে বিজয়ী করতে সাধারণ মানুষের কাছে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করতে হবে এবং বিএনপির আন্দোলন ও রাজনৈতিক কর্মসূচিকে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

১৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন খালিশপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেলাল হোসেন সুমন ও সদস্য সচিব আলাউদ্দিন তালুকদার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আফজাল ফারাজি, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মনি, খালিশপুর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ জুয়েল, যুগ্ম আহবায়ক কাজি শাহজাহানসহ স্বেচ্ছাসেবক দল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভা থেকে বক্তারা বিএনপির ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।

ঊআ-মোহন চৌধুরী