মানবতার সেবায় আত্মনিয়োগের প্রত্যয়ে খুলনায় আত্মপ্রকাশ করেছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ বাংলা ফাউন্ডেশন। ‘মানবতার সেবায় আমরা সব সময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অসহায়, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়।
বুধবার সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে কেক কেটে আনুষ্ঠানিকভাবে সংগঠনের কার্যক্রম উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা ও দৈনিক খুলনা টাইমস-এর বার্তা সম্পাদক এস এম নূর হাসান জনি। এ সময় উদ্বোধনী বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. রাসেল হাওলাদার।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সাধারণ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই সবুজ বাংলা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়েছে। সংগঠনটি দারিদ্র্যমুক্ত খুলনা গড়ে তুলতে ভূমিকা রাখবে, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াবে এবং পথশিশুদের শিক্ষা নিশ্চিত করতে কাজ করবে। পাশাপাশি সামাজিক বনায়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা পরিচালক সংগঠনের আংশিক কমিটি ঘোষণা করেন। ঘোষিত কমিটিতে এস সোহান সভাপতি, সুমাইয়া সুলতানা সাধারণ সম্পাদক, মেহেদী তরফদার যুগ্ম সাধারণ সম্পাদক, দিশা মারিয়া আক্তার চাঁদনি সাংগঠনিক সম্পাদক এবং শারমিন সুলতানা কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধকে সামনে রেখে ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
কেক কেটে সবুজ বাংলা ফাউন্ডেশনের কার্যক্রমের উদ্বোধন করেন দৈনিক খুলনা টাইমসের বার্তা সম্পাদক এস এম নূর হাসান জনি।
ঊআ-রহমাতুল্লাহ
