UsharAlo logo
, |

খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে আমীরে জামায়াতের জনসভা কাল

ঊষার আলো ডেস্ক
জানুয়ারি ২৬, ২০২৬ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নির্বাচনী জনসভা আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় শুরু হওয়া এ জনসভাকে কেন্দ্র করে মহানগরী ও জেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

আয়োজকরা জানান, জনসভা সফল করতে অর্ধশতাধিক মাইক দিয়ে প্রচার-প্রচারণা চালানো হয়েছে এবং দুই লক্ষাধিক লিফলেট বিতরণ করা হয়েছে। থানা, উপজেলা, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ে প্রচার মিছিল, ব্যানার ও ফেস্টুন টাঙানোসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। প্রায় দুই দশক পর খুলনা মহানগরী ও জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ ধরনের বড় জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আমীরে জামায়াতের সফরসূচি অনুযায়ী, তিনি ঢাকা থেকে হেলিকপ্টারযোগে যশোর পৌঁছে সকাল সাড়ে ৯টায় সেখানে জনসভায় বক্তব্য দেবেন। পরে সাতক্ষীরা হয়ে দুপুর ২টায় খুলনায় পৌঁছাবেন এবং বিকেল সাড়ে ৩টায় সার্কিট হাউস ময়দানের জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করবেন অধ্যাপক মাহফুজুর রহমান।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ৪০ ফুট বাই ৩০ ফুট আকারের মঞ্চ নির্মাণ করা হয়েছে। নারীদের জন্য পৃথক বসার ব্যবস্থা, পানি ও ভ্রাম্যমাণ টয়লেট সুবিধা রাখা হয়েছে। সার্বিক শৃঙ্খলা রক্ষায় সহস্রাধিক স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন এবং তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও কেএমপির প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছে বলেও জানানো হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, জনসভায় প্রায় দুই লক্ষাধিক মানুষের উপস্থিতি ঘটবে।

ঊআ-রহমাতুল্লাহ