খুলনা জেলার কয়রা উপজেলা জাতীয়তাবাদী তরুণ দলের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজুকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে জেলা শাখা। সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যম ও অনলাইন নিউজ পোর্টালে মৎস্যঘেরে বিষ প্রয়োগের অভিযোগে তার বিরুদ্ধে ধারাবাহিক সংবাদ প্রকাশ পাওয়ায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট প্রতিবেদনগুলো প্রকাশের পর সংগঠনের ভাবমূর্তি ও শৃঙ্খলা বিবেচনায় তাকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিষয়টি দলীয় শিষ্টাচার কমিটি পর্যবেক্ষণে রেখেছে এবং পরবর্তী যাচাই–বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছে।
এ বিষয়ে খুলনা জেলা জাতীয়তাবাদী তরুণ দলের সভাপতি এম এম আজিজুল হাকিম ও সাধারণ সম্পাদক মো. মামুন গাজী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,
“দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ড এবং গণমাধ্যমে প্রকাশিত নেতিবাচক সংবাদে সংগঠনের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই দলীয় শৃঙ্খলা রক্ষার্থে আজিজুর রহমান আজুকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। সংগঠন পরবর্তীতে পর্যালোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে।”
সংবাদ প্রকাশের পর আজিজুর রহমান আজুর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
